সৌদিসহ উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না

সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের অনুরোধে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানো থেকে আপাতত বিরত রয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে মাত্র তিন দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও উৎপাদন সক্ষমতা ধ্বংস করার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) হোয়াইট হাউজে স্টিফেন এ স্মিথের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সৌদি আরব তাকে ইরানের বিরুদ্ধে আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে। একই অবস্থানের পক্ষে রয়েছে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও।
মিত্র দেশগুলোর এমন অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত নই, আমি এর সঙ্গে একমত কি না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এসব দেশের অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালাতেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, চালাতাম।’
ট্রাম্পের দাবি, এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের আক্রমণ থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র। তবে নির্দেশ দেওয়া হলে অল্প সময়ের মধ্যেই এসব স্থাপনা ধ্বংস করার সক্ষমতা মার্কিন বাহিনীর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এক দিনেই তাদের জ্বালানি ব্যবস্থা শেষ হয়ে যাবে। এক দিনেই সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। সবকিছু করতে আমার মাত্র তিন দিন লাগবে।’
বিজ্ঞাপন
অন্যদিকে, ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে যাওয়াকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে স্বীকার করেছেন ট্রাম্প। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির রাজনৈতিক প্রভাবের কথা মেনে নিলেও ইরানে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।
সূত্র: আল-জাজিরা








