ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, পাঁচজন গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউজের কাছাকাছি এলাকায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসির বিভিন্ন স্থানে এসব গোলাগুলির ঘটনা ঘটে। তবে হামলাকারীকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
বার্তা সংস্থা এপি জানিয়েছে, গোলাগুলির ঘটনাস্থল হোয়াইট হাউজ থেকে হাঁটা দূরত্বে অবস্থিত। তবে ঠিক কোন স্থানে এবং কে গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।
ওয়াশিংটন ডিসি পুলিশ বিভাগের মুখপাত্র নিকোল ডিনার জানিয়েছেন, গুলি ছোড়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পাশাপাশি গোলাগুলির সুনির্দিষ্ট স্থান সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে এপি জানিয়েছে, গোলাগুলির ঘটনা লোগান সার্কেল এলাকায় ঘটে থাকতে পারে। জায়গাটি হোয়াইট হাউজ থেকে প্রায় এক মাইল উত্তরে অবস্থিত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ওই এলাকার ১৫ নম্বর সড়কের ১৫০০ ব্লক এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে। সেখানে একটি ভিডা ফিটনেস সেন্টার, গির্জা ও বেশ কয়েকটি আবাসিক ভবন রয়েছে। কাছাকাছি একটি খাবারের সুপারমার্কেটও রয়েছে।
ঘটনার পর পুলিশ ওই এলাকার বড় একটি অংশ ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে আশপাশের স্কুলগুলোতে লকডাউন জারি করা হয়। এ ছাড়া পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, গত বছর লোগান সার্কেল এলাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগীর গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেছিল একদল দুর্বৃত্ত তরুণ। ওই এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পরবর্তী সময়ে ট্রাম্প প্রশাসন কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করে। এখনো সেখানে তাদের দায়িত্ব পালন অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: এপি।








