নতুন করে মার্কিন হামলা হলে ১০ গুণ বেশি কঠোর জবাব দেবে ইরান

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে আগের তুলনায় ১০ গুণ বেশি কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচ গুণ শক্তিশালী হামলার হুমকির পর তেহরানের পক্ষ থেকে এ পাল্টা সতর্কবার্তা এলো।
বিজ্ঞাপন
ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি বলেছেন, ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হলে ইরানের প্রতিক্রিয়া হবে তার চেয়েও দ্বিগুণ কঠোর। অর্থাৎ মার্কিন হামলার মাত্রার তুলনায় ১০ গুণ বেশি শক্তিশালী জবাব দেওয়া হবে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
শেখারচি বলেন, ইরানের পাল্টা আঘাতের ব্যাপকতা বিশ্বকে বিস্মিত করবে। এ ক্ষেত্রে শুধু সামরিক স্থাপনাই নয়, শত্রুপক্ষের বেসামরিক সম্পদও লক্ষ্যবস্তু হতে পারে। যুক্তরাষ্ট্রের যেসব সম্পদ ইরানের আঘাতের আওতায় থাকবে, সেগুলো বিশ্বের যেখানেই অবস্থান করুক না কেন, হামলার ঝুঁকিতে থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরানের এই সামরিক কর্মকর্তা আরও বলেন, ওয়াশিংটনের হুমকিতে ইরানের জনগণ ভীত নয়। গত বছরের জুনে শুরু হওয়া যুদ্ধের আগের সময়ের তুলনায় দেশটির সশস্ত্র বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত।
তিনি জানান, কৌশলগত সামরিক সরঞ্জাম উৎপাদনের কার্যক্রম কখনো বন্ধ হয়নি। পাশাপাশি গত দুটি যুদ্ধের অভিজ্ঞতা থেকে যেসব সামরিক দুর্বলতা চিহ্নিত হয়েছে, সেগুলোও সংশোধন করা হয়েছে।
শেখারচির ভাষ্য, গত ৪৭ বছরের ইতিহাসে ইরান কখনো আগ্রাসী শক্তি হিসেবে ভূমিকা নেয়নি। তবে দেশটির ওপর কোনো ধরনের হামলা হলে শুধু আত্মরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ থাকবে না তেহরান। প্রয়োজনে শক্তিশালী পাল্টা আক্রমণও চালানো হবে।
বিজ্ঞাপন
ইরানের সাম্প্রতিক যুদ্ধগুলোর ঘটনাপ্রবাহ নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনের সময় এসব বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি। তার এই হুঁশিয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।








