Logo

নেতানিয়াহুর সঙ্গে জোট সরকার নিয়ে আলোচনা বাতিল করল ইয়াশার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬, ২২:১১
নেতানিয়াহুর সঙ্গে জোট সরকার নিয়ে আলোচনা বাতিল করল ইয়াশার
ছবি: এআই

ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে নির্ধারিত প্রাথমিক বৈঠক বাতিল করেছে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন দল ইয়াশার। পার্লামেন্টে নেতানিয়াহুর বিভাজনমূলক বক্তব্য ও আচরণের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

জোট সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই দলের প্রতিনিধিদের মধ্যে বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার নেসেটে নেতানিয়াহুর দেওয়া ভাষণের পর সেই আলোচনা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকট।

দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠনের জন্য ইয়াশার চারটি নীতি নির্ধারণ করেছে। এসব নীতির ভিত্তিতে নেসেটের সব দলের সঙ্গে আন্তরিক ও কার্যকর আলোচনা করতে চেয়েছিল তারা। সেই উদ্যোগের অংশ হিসেবেই লিকুদ পার্টির সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু বিদায়ী প্রধানমন্ত্রীর বিভাজনমূলক ভাষণ এবং নেসেটের শপথ অনুষ্ঠানে তার আচরণের কারণে নির্ধারিত বৈঠক বাতিলের নির্দেশ দেন আইজেনকট।

বিজ্ঞাপন

জাতীয় ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর আহ্বান

এর আগে সোমবার বিরোধী দলগুলোর নেতাদের জাতীয় ঐক্যের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু। মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া ভাষণেও ইরানের পারমাণবিক হুমকির প্রসঙ্গ তুলে ঐক্যবদ্ধ সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। নেতানিয়াহুর বক্তব্য, ইরানের এই হুমকি অবশ্যই ধ্বংস করতে হবে।

তবে তার ভাষণকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন আইজেনকট। তিনি নেতানিয়াহুর বক্তব্যকে ‘উদ্ভট, বিভাজনমূলক, বিদ্বেষপূর্ণ ও লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন

ইয়াশারের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর পরিবর্তে নেতানিয়াহু ইসরায়েলের নাগরিকদের মধ্যে বিভক্তি বাড়ানোর পথ বেছে নিচ্ছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিদায়ী প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি নাগরিকদের ওপর আক্রমণ করেছেন। যাদের আরও প্রমাণ দরকার ছিল, তাদের জন্য এটি আরেকটি দুঃখজনক ঘটনা যে নেতানিয়াহু ঐক্য চান না। ইসরায়েলি সমাজে যখন সহনশীলতার ওপর জোর দেওয়া হচ্ছে, তখন নেতানিয়াহু নিজের রাজনৈতিক জীবন টিকিয়ে রাখার পথ বেছে নিয়েছেন। নেতানিয়াহু সব সময় নিজেকেই বেছে নেবেন। যেকোনো মূল্যে।’

অন্যদিকে নেতানিয়াহুর অভিযোগ, ইয়াশার পার্টি আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের আলোচনা করছে। একই সময়ে লিকুদ পার্টির সঙ্গে ঐক্যের আলোচনা বাতিল করছে তারা।

বিজ্ঞাপন

লিকুদ পার্টি জানিয়েছে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় নেতানিয়াহু সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালাবেন। ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী যেকোনো দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতেও তারা প্রস্তুত।

তবে ইয়াশারের বৈঠক বাতিলের সিদ্ধান্তকে ‘হেঁয়ালিপূর্ণ’ বলে মন্তব্য করেছে লিকুদ। দলটির অভিযোগ, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো তাদের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করলেও আরব দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। লিকুদের দাবি, নেসেটের শপথ অনুষ্ঠানের পর জাতীয় সংগীত পরিবেশনের সময় ওই আরব দলগুলোর প্রতিনিধিরা অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে গিয়েছিলেন।

এ ঘটনায় ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর জাতীয় ঐক্যের আহ্বান এবং বিরোধী দলগুলোর অবস্থানের মধ্যে দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD