শিক্ষাগত সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দেশটির সুপ্রিম কোর্ট তার ২০২৪ সালের নির্বাচনী প্রচারে ব্যবহৃত উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ ঘোষণা করার পর এ সিদ্ধান্তের কথা সামনে আসে।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) তার এক সহযোগী বিবিসিকে এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, সহযোগী বুদি আরি সেতিয়াদি বলেছেন, জিবরান প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে প্রেসিডেন্ট তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২০২৪ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সময় জিবরান যে উচ্চমাধ্যমিক সমমানের সনদ ব্যবহার করেছিলেন, সুপ্রিম কোর্ট সেটির বৈধতা বাতিল করেছেন। আদালতের রায়ের পর তার নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।
এ ঘটনায় জিবরানের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর সম্ভাবনাও তৈরি হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংসদে উদ্যোগ নেওয়ার পক্ষে শতাধিক আইনপ্রণেতা সমর্থন জানিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জিবরান ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর (জোকোই) বড় ছেলে। ২০২৪ সালের নির্বাচনে জোকোই তার একসময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রবোও সুবিয়ান্তোকে সমর্থন দিয়েছিলেন। ওই নির্বাচনে প্রবোওর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন জিবরান।
নির্বাচনের পর থেকে প্রবোও ও জোকোইয়ের রাজনৈতিক দূরত্ব বাড়ার বিষয়টি আলোচনায় রয়েছে। এমন পরিস্থিতিতে জিবরানের পদত্যাগের ঘটনা দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক জোটে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।








