Logo

সুমাত্রান গণ্ডার রক্ষায় নতুন সম্ভাবনা, গর্ভবতী দুই গণ্ডার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ২২:১৫
সুমাত্রান গণ্ডার রক্ষায় নতুন সম্ভাবনা, গর্ভবতী দুই গণ্ডার
ছবি: সংগৃহীত

অতি বিপন্ন সুমাত্রান গণ্ডার সংরক্ষণে নতুন আশার সৃষ্টি হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটির একটি জাতীয় উদ্যানে এ প্রজাতির দুটি স্ত্রী গণ্ডার গর্ভধারণ করেছে। বিরল এই স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা বাড়ানোর দীর্ঘমেয়াদি প্রচেষ্টায় ঘটনাটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে ইন্দোনেশিয়ার সরকার। খবর বার্তা সংস্থা এএফপির।

বিজ্ঞাপন

সুমাত্রা দ্বীপের ওয়ে কামবাস জাতীয় উদ্যানে থাকা স্ত্রী গণ্ডার রতু বর্তমানে তার চতুর্থ শাবকের গর্ভধারণের ২৩৮তম দিনে রয়েছে। অর্থাৎ গর্ভধারণের মোট সময়ের প্রায় অর্ধেক এরই মধ্যে অতিক্রম করেছে সে। ইন্দোনেশীয় ভাষায় ‘রতু’ শব্দের অর্থ ‘রানি’।

রতুর মেয়ে দেলিলাহও দ্বিতীয়বারের মতো মা হওয়ার অপেক্ষায় রয়েছে। তার গর্ভধারণের ২৫০ দিনের বেশি সময় পার হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী বছরের মে মাসে রতু ও দেলিলাহ—দুজনেরই শাবকের জন্ম দেওয়ার কথা রয়েছে।

ইন্দোনেশিয়ার বন মন্ত্রণালয়ের কর্মকর্তা আহমাদ মুনাওয়ার এক বিবৃতিতে বলেন, ‘এই দুই সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ শুধু ইন্দোনেশিয়ার জন্য নয়, পুরো বিশ্বের জন্যই সুখবর।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পরিকল্পিত প্রজনন, প্রজননস্বাস্থ্য ব্যবস্থাপনা ও প্রতিটি প্রাণীর ওপর নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সুমাত্রান গণ্ডারের সংখ্যা টিকিয়ে রাখার দীর্ঘমেয়াদি প্রচেষ্টারই অংশ এই দুই গণ্ডারের গর্ভধারণ।’

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গর্ভবতী দুই গণ্ডারের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসক দল, পরিচর্যাকারী এবং জাতীয় উদ্যান কর্তৃপক্ষ সমন্বিতভাবে তাদের দেখভাল করছে।

বিজ্ঞাপন

ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিনা ফ্যাসিওন পৃথক এক বিবৃতিতে বলেন, ‘গণ্ডারের পাঁচটি প্রজাতিই গুরুতর হুমকির মুখে রয়েছে। বিপন্ন এই প্রজাতিকে রক্ষার লড়াইয়ে এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

তিনি আরও বলেন, ‘রতু ও দেলিলাহর গর্ভধারণ আরও দুটি নতুন প্রাণীর জন্মের সম্ভাবনা তৈরি করেছে, যারা সুমাত্রান গণ্ডারকে বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারে।’

প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার সুমাত্রান গণ্ডারকে ‘অতি বিপন্ন’ শ্রেণিতে রেখেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে বন্য পরিবেশে এই প্রজাতির গণ্ডারের সংখ্যা ৮০টিরও কম।

বিজ্ঞাপন

সুমাত্রান গণ্ডার বিশ্বের সবচেয়ে বিরল ও বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের একটি। বর্তমানে শুধু ইন্দোনেশিয়াতেই এদের দেখা যায়। দেশটির উত্তর সুমাত্রা, লামপুং, বেংকুলু এবং পূর্ব কালিমান্তানের বিভিন্ন জাতীয় উদ্যান এলাকায় বিচ্ছিন্নভাবে এই প্রাণীগুলোর বসবাস রয়েছে।

বন্য পরিবেশে সংখ্যা দ্রুত কমে যাওয়ায় সুমাত্রান গণ্ডারের প্রজনন ও সংরক্ষণে পরিকল্পিত উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই প্রচেষ্টার মধ্যে রতু ও দেলিলাহর গর্ভধারণ প্রজাতিটির ভবিষ্যৎ টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD