Logo

মিত্র ইরানকে কখনোই ছেড়ে যাবে না রাশিয়া, স্পষ্ট বার্তা মেদভেদেভের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ২২:০৩
মিত্র ইরানকে কখনোই ছেড়ে যাবে না রাশিয়া, স্পষ্ট বার্তা মেদভেদেভের
ছবি: সংগৃহীত

কোনো চাপ বা দাবির মুখে মিত্র ইরানকে রাশিয়া কখনোই ছেড়ে যাবে না বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, মস্কো তেহরানের সঙ্গে সম্পর্ককে দীর্ঘমেয়াদি ও কৌশলগত অংশীদারত্ব হিসেবে বিবেচনা করে।

বিজ্ঞাপন

শনিবার ইরানের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মেদভেদেভ।

ইরানি জনগণের ঐক্য ও দৃঢ়তার প্রশংসা করে তিনি বলেন, স্বাধীনতা ও নিজেদের অধিকার রক্ষায় ইরানি জাতিকে তিনি অত্যন্ত ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ হিসেবে দেখেছেন। তেহরানে ইসলামি বিপ্লবের প্রয়াত নেতার শোকানুষ্ঠানে মানুষের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও তার মনে গভীর ছাপ ফেলেছে বলে জানান তিনি।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে তিনি শোকানুষ্ঠানে যোগ দিতে এবং আয়াতুল্লাহ খামেনেইর প্রতি শ্রদ্ধা জানাতে তেহরান সফর করেছিলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন প্রয়াত নেতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি আমাকে ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ নিতে বলেছিলেন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা প্রসঙ্গে মেদভেদেভ বলেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে। গত বছর দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২০ শতাংশেরও বেশি বেড়েছে এবং বাহ্যিক চাপ সত্ত্বেও এই প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

পারমাণবিক খাতেও দুই দেশের সহযোগিতা বাড়ছে বলে জানান তিনি। মেদভেদেভ বলেন, সহযোগিতা শুধু বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে সীমাবদ্ধ নেই। সেখানে আরও একটি বড় বিদ্যুৎকেন্দ্র এবং ছোট আকারের মডুলার রিঅ্যাক্টর নির্মাণ নিয়েও আলোচনা চলছে। রুশ পারমাণবিক সংস্থা রোসাটমের অংশগ্রহণে বুশেহরের ২ ও ৩ নম্বর ইউনিটের নির্মাণকাজও অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে মেদভেদেভ বলেন, এটি ইরানের জন্য এমন একটি কৌশলগত সম্পদ, যার গুরুত্ব পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার সমতুল্য।

সবশেষে ইরানের সঙ্গে মস্কোর সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মেদভেদেভ বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা কখনোই নষ্ট হতে দেব না—কেউ আমাদের কাছে যা-ই দাবি করুক না কেন।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD