সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার ৭৮৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিজ্ঞাপন
রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ। দেশজুড়ে পরিচালিত ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ৭১৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ২ হাজার ৭৯৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ২৬৮ জন রয়েছেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁদের মধ্যে ৩৮ হাজার ৭৩০ জন পুরুষ এবং ২ হাজার ২১১ জন নারী।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্য থেকে ২৩ হাজার ২৫০ জনকে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। একই সময়ে মোট ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৩৭৩ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। একই সময়ে অবৈধ পথে দেশটি ছাড়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৮ জন।
বিজ্ঞাপন
অন্যদিকে, আবাসন ও কর্মসংক্রান্ত বিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৪ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করলে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন বা আশ্রয় দিলে কিংবা তাঁদের অন্য কোনো ধরনের সহযোগিতা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাঁদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
বিজ্ঞাপন
সূত্র: গালফ নিউজ।








