নির্বাচনে হারতেই চার গ্রামের সড়কবাতি খুলে নিলেন নেতার সহকারী

নির্বাচনে পরাজয়ের পর ভারতের রাজস্থানে চারটি গ্রামের সড়কবাতি খুলে নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতার এক সহকারীর নির্দেশে প্রায় ৫০টি এলইডি সড়কবাতি সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের টঙ্ক জেলার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, রানোলা গ্রাম পঞ্চায়েতের অধীন কুমারন কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামে বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি সড়কবাতি স্থাপন করা হয়েছিল। অভিযোগ রয়েছে, নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহকারী (পিএ) অলোক শর্মার নির্দেশে এসব বাতি লাগানো হয়।
ওই নির্বাচনি ওয়ার্ডে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা। কিন্তু পঞ্চায়েত সমিতির নির্বাচনে তিনি পরাজিত হন। এরপরই গ্রামগুলো থেকে সড়কবাতি খুলে নেওয়ার ঘটনা সামনে আসে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পরপরই বাতি অপসারণের উদ্যোগ নেওয়া হয়। তাদের দাবি, নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতেই চারটি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগে ফেলার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের (জেভিভিএনএল) একটি দল অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে সড়কবাতি খুলতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষুব্ধ বাসিন্দারা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রতিবাদের মধ্যেই কুমারন কি ধানি এলাকার প্রায় ১০টি বৈদ্যুতিক খুঁটি থেকে বাতি খুলে নেওয়া হয়। পরে নবনির্বাচিত গ্রামপ্রধানেরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিল পরিশোধের দায়িত্ব নিতে সম্মত হলে বাকি প্রায় ৪০টি খুঁটির বাতি অপসারণের কাজ বন্ধ করা হয়।
জেভিভিএনএলের নির্বাহী প্রকৌশলী ডিআর মিনা জানান, বৈদ্যুতিক ত্রুটি মেরামতের কাজে গিয়ে কর্মীরা খুঁটিতে অনুমোদনহীনভাবে সড়কবাতি স্থাপনের বিষয়টি দেখতে পান। পরবর্তী সময়ে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ সংযোগের বিষয়টি নিশ্চিত করেন। এরপর নিয়ম অনুযায়ী বাতি খুলে ফেলার প্রক্রিয়া শুরু হয় বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
অন্যদিকে, নির্বাচনে পরাজয়ের কারণে সড়কবাতি খুলে নেওয়ার অভিযোগ সরাসরি নাকচ করেছেন বিজেপি বিধায়ক রামসহায় ভার্মা। তাঁর বক্তব্য, দীপাবলির আগে প্রার্থীরা নিজেদের উদ্যোগে এসব বাতি স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়টি সামনে আসায় বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
বিধায়ক আরও জানান, নবনির্বাচিত গ্রামপ্রধানেরা বিদ্যুৎ বিল পরিশোধে সম্মতি দেওয়ায় অবশিষ্ট ৪০টি খুঁটি থেকে বাতি সরিয়ে নেওয়া হয়নি। ফলে নির্বাচনি বিরোধের অভিযোগের পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিল পরিশোধের বিষয়টিও এখন আলোচনায় এসেছে।
বিজ্ঞাপন
তথ্য সূত্র : ইন্ডিয়া টুডে








