Logo

শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, একসঙ্গে নিভে গেল ২৪ প্রাণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬, ১৩:৪৮
শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, একসঙ্গে নিভে গেল ২৪ প্রাণ
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বিজ্ঞাপন

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, শুক্রবার (২০ নভেম্বর) বায়েলসা রাজ্যের একটি এলাকা থেকে অন্য এলাকায় শেষকৃত্যে অংশ নিতে যাত্রীদের নিয়ে যাচ্ছিল নৌকাটি। পথে সেটি ডুবে যায়। নিখোঁজ ব্যক্তির সঠিক সংখ্যা জানাতে না পারলেও ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানিয়েছিলেন, দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মুসা মোহাম্মদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। যাত্রীরা নৌকার চালককে তীরের দিকে যাওয়ার অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে নৌকাটির ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌযাত্রায় নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ অবশ্যই বন্ধ করতে হবে। কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।’

নাইজেরিয়ায় নৌদুর্ঘটনা প্রায়ই ঘটে। সংশ্লিষ্ট নিরাপত্তা বিধির যথাযথ প্রয়োগ না থাকায় দেশটিতে অনেক সময় ত্রুটিপূর্ণ নৌযান চলাচল করে এবং যাত্রীরা লাইফ জ্যাকেট ছাড়াই নদীপথে যাতায়াত করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD