Logo

ইরানের ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬, ১১:৩৬
ইরানের ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন
ছবি: সংগৃহীত

ইরানের ড্রোন হামলায় বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থাপনাটির বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে হামলার কারণে সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটির সিভিল ডিফেন্সের কর্মীরা কাজ করছেন। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাটির নাম কিংবা অবস্থান প্রকাশ করা হয়নি।

এদিকে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পৃথক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে অভিযান চালানো হয়েছে। এতে ঘাঁটিগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর এ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি হরমুজ প্রণালির হাঙ্গাম দ্বীপে একটি ইরানি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেও এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ ফেব্রুয়ারি বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ইরানের সিতরা দ্বীপে গিয়ে পড়ে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বাহরাইন নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বারবার ত্রুটি দেখা দেওয়ার কারণে এ ঘটনা ঘটেছিল।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটি বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

বিজ্ঞাপন

গত সেপ্টেম্বর থেকে কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে তিনবার ড্রোন হামলা চালিয়েছে ইরান। ২১ নভেম্বরের আগের সর্বশেষ হামলাটি হয়েছিল ১৭ নভেম্বর।

ইরানের হামলার প্রতিক্রিয়া

সর্বশেষ হামলার পর বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানকে ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে বাধ্য করতে পরিষদকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

এর আগে ১৭ নভেম্বরের ড্রোন হামলার পর উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসিম মোহামেদ আল-বুদাইউই বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি বলেছিলেন, বাহরাইনের নিরাপত্তা, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং দেশটিতে বসবাসরত নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা জিসিসিভুক্ত সব দেশের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেকোনো ধরনের নিরাপত্তা ও স্থিতিশীলতার হুমকি মোকাবিলায় জোটের সদস্যরা ঐক্যবদ্ধ।

জিসিসি মহাসচিব আরও বলেন, “এই হামলার মোকাবিলায় বাহরাইন যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, জিসিসি তার প্রতি সমর্থন জানাবে।”

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD