কেশম দ্বীপে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা হামলা

হরমুজ প্রণালির কাছে অবস্থিত নিজেদের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের দুই দেশ কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। বুধবার (১৮ নভেম্বর) সকালে দেশ দুটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।
বিজ্ঞাপন
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসের মধ্যে এই প্রথম তেলসমৃদ্ধ আরব দেশ কুয়েতকে লক্ষ্যবস্তু করেছে ইরান। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের দিক থেকে দেশটির ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়েছে।
অন্যদিকে, ইরান দাবি করেছে, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে তাদের বাহিনী। তবে এই হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কুয়েত।
এদিকে বাহরাইনে বুধবার ভোর হওয়ার আগে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পরে আকাশে ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন প্রতিহত করার শব্দ শোনা যায়। গত এক সপ্তাহের মধ্যে এটি বাহরাইনে ইরানের তৃতীয় হামলার ঘটনা।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার পর থেকে কুয়েত ও বাহরাইন বারবার তেহরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় দেশ দুটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পানি পরিশোধনাগার এবং তেল অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলা সংঘাতের পর অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগপর্যন্ত কুয়েতকে লক্ষ্য করে ১ হাজার ২০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। একই সময়ে বাহরাইনে প্রায় ৭০০ বার হামলা চালায় দেশটি।
নতুন করে ইরানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত ও বাহরাইন। কুয়েতের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার জবাবে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে হামলা চালায়। ওয়াশিংটন এই অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। এর পরপরই কুয়েত ও বাহরাইনে ড্রোন হামলা চালায় ইরান। দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশাপাশি বিপুলসংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল








