১০৫ বছর বয়সে ইন্তেকাল করলেন ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা

ইরানের বিশিষ্ট শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি আর নেই। মঙ্গলবার (১৭ নভেম্বর) ১০৫ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার কার্যালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
ইরানের সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, প্রবীণ এই আলেমের মৃত্যুতে তার কার্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় তাকে আহলে বাইতের আদর্শে নিবেদিত প্রখ্যাত ইসলামি আইনবিশারদ, শিয়া ধর্মীয় কর্তৃপক্ষের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং ধর্মীয় শিক্ষার একজন সম্মানিত শিক্ষক হিসেবে বর্ণনা করা হয়।
১৯২১ সালে জন্ম নেওয়া আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি জীবনের দীর্ঘ সময় ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা ও ধর্মীয় শিক্ষাদানে ব্যয় করেছেন। শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে তিনি অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছেন। তার শিক্ষার্থীদের অনেকেই পরবর্তী সময়ে ইসলামি জ্ঞান ও গবেষণার ক্ষেত্রে পরিচিতি অর্জন করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইসলামি আইনশাস্ত্রের চর্চা, ধর্মীয় গবেষণা এবং শিয়া মুসলিমদের ঐতিহ্য সংরক্ষণে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রাখার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ইরাকের নাজাফে উচ্চতর ধর্মীয় শিক্ষা সম্পন্ন করার পর তিনি ইরানে ফিরে আসেন। এরপর কোমের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে দীর্ঘদিন শিক্ষকতা করেন। শিয়া মুসলিম সম্প্রদায়ের কাছে তিনি একজন প্রভাবশালী মারজা বা অনুসরণীয় ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে পরিচিতি লাভ করেন।
মৃত্যুর আগে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই প্রবীণ ধর্মীয় নেতা। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধিরা তাকে দেখতে গিয়েছিলেন।
বিজ্ঞাপন
তার মৃত্যুতে শিয়া ধর্মীয় শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার অঙ্গনে একজন প্রবীণ আলেমের দীর্ঘ কর্মময় জীবনের সমাপ্তি ঘটল। তার জানাজা, দাফন এবং অন্যান্য শোকানুষ্ঠানের সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।








