ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রুকলিন জেলা আদালতের বিচারক এরিক আর. কোমিটি এ রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৪৮ বছর বয়সী আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৪ সালে সংঘটিত কথিত হত্যার ষড়যন্ত্রের ঘটনায় চলতি বছরের মার্চে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রায় আট মাসের বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার সাজা ঘোষণা করা হয়।
মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, আসিফ মার্চেন্টের সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যোগাযোগ ছিল। তাদের দাবি, ২০২০ সালে আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ নিতে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে এ ষড়যন্ত্রের পেছনে ইরানের সম্পৃক্ততার বিষয়টি মার্কিন কৌঁসুলিদের অভিযোগ হিসেবে উঠে এসেছে।
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মার্চেন্ট আইআরজিসির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তার দাবি, তেহরানে অবস্থানরত পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে ইরানি এক ব্যক্তির চাপের মুখে তিনি এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মার্চেন্ট আরও জানান, ইরানে তার কথিত নিয়ন্ত্রক তিনজন সম্ভাব্য লক্ষ্যবস্তুর নাম দিয়েছিলেন। তবে নির্দিষ্ট কাউকে হত্যার জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
বিচার চলাকালে উপস্থাপিত তথ্য অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই তিনজনই সম্ভাব্য বা ঘোষিত প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন।
বিজ্ঞাপন
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষ দিকে অথবা ২০২৩ সালের শুরুর দিকে মার্চেন্ট আইআরজিসির সঙ্গে কাজ শুরু করেন। এ সময় তাকে গোয়েন্দা কৌশল ও নজরদারি এড়িয়ে চলার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে তিনি কয়েকবার ইরান সফর করে কথিত নিয়ন্ত্রকের সঙ্গে সাক্ষাৎ করেন।
২০২৪ সালে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় বলে কৌঁসুলিদের দাবি। সেখানে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য লোক নিয়োগের চেষ্টা করেন তিনি। একই বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে পৌঁছে নিউইয়র্কে পরিচিত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। ওই ব্যক্তিকে পরিকল্পনা বাস্তবায়নে সহযোগী হিসেবে যুক্ত করার চেষ্টা করেছিলেন মার্চেন্ট।
কিন্তু ওই ব্যক্তি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে দেন এবং পরবর্তী সময়ে গোপন তথ্যদাতা হিসেবে কাজ করেন। এরপর মার্চেন্ট যাদের ভাড়াটে খুনি বলে মনে করেছিলেন, তাদের সঙ্গে বৈঠক করেন। বাস্তবে তারা ছিলেন ছদ্মবেশে থাকা মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তা।
বিজ্ঞাপন
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, এসব কর্মকর্তার সঙ্গে রাজনৈতিক সমাবেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা, গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি এবং রাজনৈতিক জমায়েতে বিক্ষোভ আয়োজনের বিষয়েও আলোচনা করেছিলেন মার্চেন্ট।
কৌঁসুলিদের দাবি, কথিত ভাড়াটে খুনিদের অগ্রিম পারিশ্রমিক হিসেবে ৫ হাজার ডলার দিয়েছিলেন তিনি। বিদেশ থেকে একজনের সহায়তায় ওই অর্থ সংগ্রহ করা হয়েছিল।
২০২৪ সালের ১২ জুলাই টেক্সাসের রিচমন্ড শহর থেকে মার্চেন্টকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
তার গ্রেপ্তারের পরদিন পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের ওপর পৃথক একটি হামলার ঘটনা ঘটে। তবে রয়টার্সের তৎকালীন প্রতিবেদন অনুযায়ী, ওই হামলার সঙ্গে মার্চেন্টের ষড়যন্ত্রের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
বিচার চলাকালে মার্চেন্টের আইনজীবীরা যুক্তি দেন, ইরানের এক এজেন্টের হুমকি ও চাপের কারণে তিনি অনিচ্ছা সত্ত্বেও পরিকল্পনায় যুক্ত হয়েছিলেন। ওই ব্যক্তি ইরানে থাকা তার পরিবারের ক্ষতি করার ভয় দেখিয়েছিলেন বলে আদালতে দাবি করেন মার্চেন্ট।
তিনি আরও জানান, তার ধারণা ছিল মার্কিন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত পরিকল্পনাটি আটকে দেবে এবং তিনি প্রয়োজনে তাদের সঙ্গে সহযোগিতা করতে পারবেন।
বিজ্ঞাপন
তবে কৌঁসুলিরা তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তাদের মতে, কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর মার্চেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পবিরোধী বিভিন্ন পোস্ট দিয়েছিলেন। এসব কর্মকাণ্ড তার পরিকল্পনায় আগ্রহ ও সংশ্লিষ্টতার প্রমাণ বলে আদালতে যুক্তি তুলে ধরেন তারা।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিচারক পরিবারের নিরাপত্তা নিয়ে মার্চেন্টের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিলেও যুক্তরাষ্ট্রের ক্ষতি করার ব্যাপারে তার যথেষ্ট আগ্রহ ছিল বলে মন্তব্য করেন।
২০২৪ সালে মার্চেন্ট গ্রেপ্তারের পর পাকিস্তানেও তার বিষয়ে তদন্ত শুরু হয়। গত আগস্টে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম বিভাগের বরাত দিয়ে জিও নিউজ জানায়, দেশটিতে আসিফ মার্চেন্টের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
তদন্তের অংশ হিসেবে তার ভ্রমণের ইতিহাস, ব্যবহৃত মোবাইল সিম এবং যানবাহনের রেকর্ড যাচাই করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর সে সময় জানিয়েছিল, মার্চেন্টের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে তারা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
সব মিলিয়ে ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের হত্যার কথিত ষড়যন্ত্রের মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড পেলেন পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্ট।








