মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা এবং এর জবাবে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় আঘাত হানার ঘটনায় অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দিনের শুরুতে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর পর নিজেদের আত্মরক্ষার কথা উল্লেখ করে ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।
অন্যদিকে, আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থা লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বাহিনীটি।
কেশম দ্বীপে মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হরমোজগান প্রদেশের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা। তিনি জানান, দ্বীপটির কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো আবাসিক, বাণিজ্যিক কিংবা সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওই কর্মকর্তা আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিজ্ঞাপন
এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার প্রতিক্রিয়াতেই কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। কয়েক সপ্তাহের বিরতির পর পাঁচ দিনের মধ্যে দেশটিতে এটি ইরানের তৃতীয় ড্রোন হামলা বলে জানা গেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবারের হামলাটি ছিল সেপ্টেম্বরের পর উপসাগরীয় অঞ্চলের কোনো দেশে ইরানের প্রথম হামলা।
অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাহরাইনের একটি আদালত ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তদের অধিকাংশই শিয়া ধর্মীয় নেতা।
বিজ্ঞাপন
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কুয়েতেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার গভীর রাতে দেশটির সশস্ত্র বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা মোকাবিলা করছে। এ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তবে কুয়েতের সামরিক বাহিনী ড্রোনগুলোর উৎস, সম্ভাব্য হতাহত কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
সব মিলিয়ে বাহরাইন, ইরান ও কুয়েতকে ঘিরে ধারাবাহিক সামরিক তৎপরতায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগজনক হয়ে উঠেছে।








