Logo

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬, ১৫:১৬
বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের
ছবি: সংগৃহীত

বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার পরিচালিত এই হামলাকে ইরানি আকাশসীমায় মার্কিন বাহিনীর কথিত অনুপ্রবেশের পাল্টা জবাব হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমায় বারবার মার্কিন অনুপ্রবেশের প্রতিক্রিয়ায় তাদের সামরিক ড্রোনগুলো বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীর একটি রাডার সিস্টেমে ‘সুনির্দিষ্ট অভিযান’ পরিচালনা করেছে।

একই বিবৃতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে সতর্ক করেছে আইআরজিসি। সংস্থাটি বলেছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহার করার ঘটনা ‘বিনা জবাবে পার পাবে না’।

তবে কথিত এই হামলায় মার্কিন রাডার ব্যবস্থার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাহরাইন সরকার কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

বিজ্ঞাপন

এদিকে আইআরজিসির বিবৃতি প্রকাশের কিছুক্ষণ আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা সতর্কতা জারি করে। সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করে নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে অবস্থান এবং সরকারি নির্দেশনার সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ছয়টি সামরিক ড্রোন পাঠানোর দাবি করেছিল আইআরজিসি।

তবে ওই দাবি প্রত্যাখ্যান করেছিল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের বক্তব্য অনুযায়ী, মার্কিন বাহিনী ইরানের দুটি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে। ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় তারা।

অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর বক্তব্য, ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হলে তেহরানও তার যথাযথ জবাব দেবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি সাম্প্রতিক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এ সতর্কবার্তা দেন তিনি।

নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কিছু বাঁধ শুধু কৃষিকাজে সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত হয়নি, বরং এগুলো দেশটির ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলোকেও সহায়তা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনটির সমালোচনা করে ঘালিবাফ তাঁর পোস্টে লেখেন, “বেসামরিক অবকাঠামোর ওপর পরবর্তী হামলার প্রস্তুতি হিসেবে তাদের তথাকথিত ‘বিশেষজ্ঞরা’ নিউ ইয়র্ক টাইমসকে বলছেন—‘ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছাকাছি থাকা বাঁধগুলো দ্বৈত ব্যবহারের (সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহৃত) উপযোগী’।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বেশ ভালো কথা। এখন থেকে নতুন নিয়ম হলো—যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কোনো ঘাঁটির কাছাকাছি থাকা যেকোনো বাঁধ, বন্দর বা বিদ্যুৎ কেন্দ্রকেও 'দ্বৈত ব্যবহারের' উপযোগী বলে গণ্য করা হবে। আমরা আপনাদের এই যুক্তিটি সব ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করব।”

ইরানের এই বক্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে আঞ্চলিক সামরিক ঘাঁটি এবং বেসামরিক অবকাঠামোকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD