বিশ্ববাজারে ডলারের দাপট, ১৯ মাসের সর্বোচ্চ সূচকে মার্কিন মুদ্রার দাম

বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে আরও শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। মঙ্গলবার (১৭ নভেম্বর) ডলারের মান গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে ইউরো, ব্রিটিশ পাউন্ড ও অস্ট্রেলীয় ডলারের মতো গুরুত্বপূর্ণ মুদ্রার দর কমেছে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়াতে পারে—বাজারে এমন প্রত্যাশা জোরালো হওয়ায় ডলারের এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
বিশ্ববাজারে ডলারের সূচক টানা ছয়দিন ধরে বাড়ছে। মঙ্গলবার সূচকটি বেড়ে ১০৩ দশমিক ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই ডলারের সূচকের সর্বোচ্চ অবস্থান।
ডলার সূচকের মাধ্যমে ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েনসহ বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের শক্তিমত্তা পরিমাপ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক প্রত্যাশার তুলনায় বেশি বৃদ্ধি পাওয়ার পর থেকেই ডলারের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়। এর ধারাবাহিকতায় টানা পাঁচদিন সূচকটির উন্নতি ঘটে। মঙ্গলবারও সেই প্রবণতা অব্যাহত রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পথে এগোতে পারে। ডিসেম্বরের বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে ব্যবসায়ীরা প্রায় নিশ্চিত হিসেবেই দেখছেন। এ প্রত্যাশায় বিনিয়োগকারীদের কাছে ডলারের আকর্ষণ বাড়ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কঠোর মুদ্রানীতির সম্ভাব্য প্রভাব পড়ছে অন্যান্য দেশের মুদ্রাবাজারে। ডলারের বিপরীতে একাধিক গুরুত্বপূর্ণ মুদ্রার বিনিময়মূল্য কমে গেছে।
বিজ্ঞাপন
অন্যান্য প্রধান মুদ্রার দরপতন
ডলারের ধারাবাহিক শক্তিশালী অবস্থানের কারণে ইউরোর দর গত ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মঙ্গলবার ইউরোর বিনিময়মূল্য কমে দাঁড়িয়েছে ১ দশমিক ০৯৮৫ ডলারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই সময়ে ব্রিটিশ পাউন্ডের দর কমে হয়েছে ১ দশমিক ৩১৭১ ডলার। জাপানি ইয়েনের ক্ষেত্রেও ডলারের বিপরীতে দুর্বলতা দেখা গেছে। প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ১৫৯ দশমিক ৪৯ ইয়েন।
বিজ্ঞাপন
এ ছাড়া অস্ট্রেলীয় ডলার, যা আন্তর্জাতিক বাজারে ‘অসি’ নামে পরিচিত, তার মূল্যও কমেছে। মুদ্রাটির বিনিময়মূল্য নেমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭২৫ ডলারে, যা চলতি বছরের জানুয়ারির পর সর্বনিম্ন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডের কঠোর অবস্থানের প্রত্যাশা অব্যাহত থাকলে আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের শক্তিশালী অবস্থান আরও কিছুদিন বজায় থাকতে পারে।
তথ্য সূত্র : রয়টার্স








