নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা পুরোপুরি নাকচ করলেন আইজেনকোট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নির্বাচনে হস্তক্ষেপের তথ্য প্রকাশ্যে আসার পর তাঁর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছেন গাদি আইজেনকোট। ফলে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে বিষয়টি নিশ্চিত করেছেন আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোটের একাধিক সূত্র। তাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনাগুলোর পর নেতানিয়াহুর দলের সঙ্গে কোনো ধরনের ঐক্য সরকার গঠনের সুযোগ আর অবশিষ্ট নেই।
চেঞ্জ জোটের কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই কর্মকাণ্ডকে ‘অভ্যুত্থানের প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান ডেভিড জিনি এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট। তাঁর নেতৃত্বাধীন জোটে রয়েছেন বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা। তাঁদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, ইয়ার গোলান এবং আভিগদোর লিবারম্যানের নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কান-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠানে আরব দলগুলোকে উদ্দেশ্য করে নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্য দুই পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনাকে আরও দুর্বল করে দেয়।
এ ছাড়া ইরান ইস্যুতে আলোচনার জন্য মোসাদপ্রধান রোমান গোফম্যানের যুক্তরাষ্ট্র সফর নিয়েও আইজেনকোটের অসন্তোষ তৈরি হয়েছে। সম্প্রচারমাধ্যমটির তথ্য অনুযায়ী, সফরের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর সঙ্গে আইজেনকোটের বৈঠক হলেও তাঁকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
এরই মধ্যে নির্বাচনে কথিত হস্তক্ষেপের ঘটনায় নেতানিয়াহুর কার্যালয়ের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। চ্যানেল ১২-এর রোববারের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরবরাহ করা তথ্যের ভিত্তিতে গত ২৭ অক্টোবর নির্বাচনের দিন ইসরায়েলি মুসলিম রাজনৈতিক দল রা’আম পার্টির কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
বিজ্ঞাপন
তদন্তে উঠে এসেছে, গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা ওই তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পুলিশ সেই সতর্কতা আমলে না নিয়েই গ্রেপ্তারের পদক্ষেপ নেয়। পরবর্তী সময়ে জানা যায়, তথ্যটির উৎস ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একজন সহকারী।
চ্যানেল ১২ আরও জানিয়েছে, নির্বাচনের দিন বিদেশি হস্তক্ষেপের আশঙ্কার কথা তুলে ধরে শিন বেটপ্রধান ডেভিড জিনি পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা সেই আবেদন প্রত্যাখ্যান করেন।
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোটের আসনসংখ্যা কমে যায়। বিপরীতে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট এবং আরব দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা দাঁড়ায় ১২০টির মধ্যে ৬৭টি।
বিজ্ঞাপন
এই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আরব দলগুলোর সমর্থন নিয়ে আইজেনকোটের সরকার গঠনের সুযোগ রয়েছে। সর্বশেষ নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এ জন্য তিনি দেড় মাস সময় পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু।
অন্যদিকে আরব রাজনৈতিক দলগুলো স্পষ্ট করেছে, নেতানিয়াহু এবং তাঁর উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন-গিভিরকে ক্ষমতার বাইরে রাখতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দিতে প্রস্তুত। ফলে ইসরায়েলের নতুন সরকার গঠনে বিরোধী জোট ও আরব দলগুলোর অবস্থান এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি








