Logo

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকোট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ১৬:০৭
নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকোট
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তাকে আর এক মুহূর্তও সরকারপ্রধানের দায়িত্বে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিরোধী নেতা ও সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে আইজেনকোট বলেন, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকোট। রোববার নেতানিয়াহু ও আইজেনকোটের প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তবে ওই বৈঠকের কয়েক ঘণ্টা পরই নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থান জানান আইজেনকোট।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ রোববার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে জানায়, ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন আরব-নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক কর্মীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এর পর প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট কেনার অভিযোগে তাদের গ্রেপ্তারও করা হয়। তবে পুলিশের তদন্তে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরে ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

নির্বাচনের দিন নেতানিয়াহু আরব-নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান। দলগুলো রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগও তোলেন। তবে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

বিজ্ঞাপন

চ্যানেল-১২-এর প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনের দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সেই আবেদন প্রত্যাখ্যান করে।

সাবেক সেনাপ্রধান আইজেনকোট এসব অভিযোগের অবিলম্বে তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে পুলিশ ও শিন বেতের কাছে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন তিনি।

অন্যদিকে নেতানিয়াহুর দল লিকুদ আইজেনকোটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে শনিবারও আইজেনকোটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু। তবে ওই প্রস্তাবকে ‘ব্লাফ’ বলে মন্তব্য করেন আইজেনকোট। অবশ্য দুই দলের মধ্যে সরকার গঠন নিয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন তিনি।

এখন পর্যন্ত ইসরায়েলের কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি।

সূত্র: আল জাজিরা ও এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD