Logo

ইরানের আকাশে ইসরাইলি ড্রোন ধ্বংসের দাবি তেহরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ২০:০৫
ইরানের আকাশে ইসরাইলি ড্রোন ধ্বংসের দাবি তেহরানের
ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশের নেহাওয়ান্দ শহরের কাছে ইসরাইলে তৈরি ‘অরবিটার-৪’ মডেলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান বাহিনী। ইরানের আকাশসীমায় ড্রোন শনাক্ত ও প্রতিহত করার ধারাবাহিক ঘটনার মধ্যে এটি একটি নতুন ঘটনা।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) ইরানের ফার্স নিউজ এজেন্সি পশ্চিমাঞ্চলীয় বিমান বাহিনীর এক বিবৃতির বরাতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়েছে, নেহাওয়ান্দের কাছাকাছি এলাকায় ড্রোনটি ধ্বংস করা হয়েছে। তবে এটি ঠিক কবে ভূপাতিত করা হয়েছে কিংবা কীভাবে শনাক্ত ও প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত কয়েক মাসে ইরানের দক্ষিণাঞ্চল এবং হরমুজ প্রণালির আশপাশে একাধিক মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে তেহরান। পাশাপাশি ইসরাইলের অরবিটার সিরিজের ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে দেশটি। চলতি বছরের মার্চে ইস্ফাহানের আকাশে একই মডেলের আরেকটি ড্রোন ধ্বংসের দাবি করেছিল ইরান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘অরবিটার ৪’ হলো ইসরাইলে তৈরি একটি উন্নত ড্রোন, যা মূলত গোয়েন্দাগিরি ও নজরদারির কাজে ব্যবহার করা হয়। অ্যারোনটিক্স ডিফেন্স সিস্টেমস কর্তৃক প্রস্তুতকৃত এই ড্রোনটি এর আধুনিক সেন্সর ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম।

সূত্র: মিডলইস্ট মনিটর

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD