এআই দিয়ে নকল করে প্রথম, ১৬০ প্রশ্নের ১৫৯টির উত্তরই সঠিক

দক্ষিণ কোরিয়ার জাতীয় কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেছেন শীর্ষস্থান অর্জনকারী এক পরীক্ষার্থী। ১৬০টি প্রশ্নের মধ্যে ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম হওয়া ওই পরীক্ষার্থীর ফলাফল নিয়ে শুরু থেকেই সন্দেহ তৈরি হয়েছিল। পরে রবিবার (১৫ নভেম্বর) তিনি অসদুপায় অবলম্বনের কথা স্বীকার করেন।
বিজ্ঞাপন
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দক্ষিণ কোরিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া দেশটির বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত যোগ্যতা যাচাইয়ের দুই ধাপের পরীক্ষাতেই প্রথম হয়েছিলেন হান পদবির ওই পরীক্ষার্থী। প্রথম ধাপে ৪০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছিলেন ৩৯৭ দশমিক ৫। ১৬০টি প্রশ্নের মধ্যে ভুল করেছিলেন মাত্র একটিতে। তার এমন ফলাফলের পর স্মার্ট চশমা ব্যবহার করে নকলের অভিযোগ ওঠে। তবে প্রথম দিকে অভিযোগ অস্বীকার করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে আইনজীবীর মাধ্যমে নিজের অপরাধ স্বীকার করেন ওই পরীক্ষার্থী। ইউটিউব চ্যানেল ‘অ্যাটর্নি লি দন-হো’-তে প্রকাশিত একটি ভিডিওতে মুখে মাস্ক পরা অবস্থায় তিনি জানান, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। শীর্ষস্থান অর্জন যে তার ন্যায্য প্রচেষ্টার ফল নয়, সেটিও স্বীকার করেন তিনি।
হান জানান, পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলতে একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করেছিলেন। পরে ছবিগুলো এআই ব্যবস্থায় পাঠিয়ে উত্তর সংগ্রহ করেন এবং স্মার্টফোনের মাধ্যমে সেগুলো দেখে নেন। এ ঘটনায় সিউল পুলিশের কাছেও লিখিত স্বীকারোক্তি জমা দিয়েছেন তিনি।
সিউল মহানগর পুলিশ জানিয়েছে, রবিবার সকালে পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির বিষয়ে একটি লিখিত স্বীকারোক্তি পেয়েছে তারা। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
দক্ষিণ কোরিয়ায় এ ধরনের নিয়োগ ও ভর্তি পরীক্ষা ব্যক্তির সামাজিক অবস্থান এবং পেশাগত ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা দেশটিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে আগামী বৃহস্পতিবারের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় এসেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার সাংবাদিকদের বলেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সামনে থাকায় এ ধরনের জালিয়াতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।
ওই কর্মকর্তা আরও জানান, সনদপ্রাপ্ত হিসাবরক্ষক পরীক্ষায় সম্ভাব্য জালিয়াতির অভিযোগও উদ্বেগজনক। এ বিষয়ে করণীয় নির্ধারণে প্রেসিডেন্টের নীতিবিষয়ক চিফ অব স্টাফের সভাপতিত্বে রোববার বিকেলে জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী হান সঙ-সুক এআইয়ের সহায়তায় পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগের কথা স্বীকার করেন। তার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সরকার আগাম প্রস্তুতি নেবে। পাশাপাশি পুরো পরীক্ষাপ্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান








