এইচএসসিতে ফেল করলেও চীন-জাপান-কোরিয়ায় চাকরির সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিকল্প কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের বিশেষ উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান। সংস্থাটি বলছে, কারিগরি প্রশিক্ষণ ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি করা গেলে পরীক্ষায় ব্যর্থ তরুণদেরও জাপান, দক্ষিণ কোরিয়া, চীনসহ ইউরোপের বিভিন্ন দেশে সম্মানজনক চাকরির সুযোগ তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এসব প্রস্তাব তুলে ধরে সংস্থাটি।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব তৈরি করা হয়েছে।
গণসাক্ষরতা অভিযানের প্রস্তাবনায় বলা হয়, শিক্ষার্থীদের আগ্রহ ও যোগ্যতা বিবেচনার পাশাপাশি দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে। বিশেষ গুরুত্ব দিতে হবে নার্সিং ও পরিচর্যাকারী পেশার প্রশিক্ষণে।
বিজ্ঞাপন
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষানবিশ হিসেবে কাজ এবং সরাসরি চাকরিতে প্রবেশের সুযোগ নিশ্চিত করার সুপারিশ করেছে সংস্থাটি। এ ছাড়া যারা নিজেরাই ব্যবসা বা উদ্যোগ গড়ে তুলতে চান, তাঁদের প্রাথমিক পুঁজি কিংবা সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া মানসিক চাপ ও সামাজিক সংকোচ দূর করতে নিয়মিত মনোসামাজিক পরামর্শ দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
সংস্থাটির মতে, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ইউরোপের বিভিন্ন দেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী তরুণদের প্রশিক্ষিত করা গেলে তাঁদের বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাড়তে পারে দেশের প্রবাসী আয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ স্থায়ীভাবে নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।
প্রস্তাবিত নীতিমালায় কত বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন, আবেদনের সময়সীমা, পরীক্ষার ফি, উত্তরপত্র মূল্যায়ন, দ্রুত ফল প্রকাশ এবং উচ্চশিক্ষায় ভর্তির সুযোগের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করার সুপারিশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও লালমাটিয়া সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আকমল হোসেন এবং বাংলাদেশ ক্যাথলিক এডুকেশন বোর্ডের সাধারণ সম্পাদক ও নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপদেষ্টা জ্যোতি এফ গোমেজ।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে সারা দেশে গড় পাসের হার দাঁড়ায় ৫২ দশমিক ১২ শতাংশ। মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। বিপরীতে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাঁদের মধ্যে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।








