Logo

পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেদিন থেকে

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬, ২০:২৩
পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেদিন থেকে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর থেকে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। তবে এবার কতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের অফিশিয়াল মাধ্যমে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করতে হবে বাংলাদেশ পুলিশের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।

আবেদনের যোগ্যতা ও শারীরিক মাপ

বিজ্ঞাপন

আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটায় ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। নারী ও পুরুষ—উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

বিজ্ঞাপন

আবেদনের ক্ষেত্রে সতর্কতা

নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর নির্দেশনা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনপত্রে কোনো ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য দেওয়া হলে কিংবা কোনো তথ্য গোপন করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হবে। চাকরিতে যোগদানের পরও দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তির শর্ত অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD