Logo

জীবিত ফিরতে পারব কি না জানি না: খোলা চিঠিতে ইমরান খান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ১৯:২৭
জীবিত ফিরতে পারব কি না জানি না: খোলা চিঠিতে ইমরান খান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের এবং স্ত্রী বুশরা বিবির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। চিকিৎসার অভাবে তাদের জীবন ও স্বাস্থ্যের ওপর গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এসব কথা জানান ইমরান। তাঁর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন।

চিঠিতে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে ইমরান জানান, কারাগারে দীর্ঘদিন বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তাঁর দাবি, ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া গত ১০ নভেম্বর তাঁর রক্তচাপ ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।

ইমরান অভিযোগ করেন, তাকে দিনের প্রায় ২২ ঘণ্টা নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হচ্ছে। পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করা হয়েছে। গত এক বছরে আইনজীবীর সঙ্গে মাত্র চারবার দেখা করার অনুমতি পেয়েছেন তিনি। তার দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খানের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তার দাবি, গত এপ্রিলে বুশরা রেটিনার সমস্যায় আক্রান্ত হন এবং অস্ত্রোপচার করাতে হয়। চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করার সময় তিনি আলো সহ্য করতে পারছিলেন না, এমনকি চোখও খুলতে পারছিলেন না। দ্রুত আরেকটি অস্ত্রোপচার না হলে তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান ইমরান।

চিঠিতে তিনি আরও বলেন, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল। তবে তার অভিযোগ, আদালতের সেই নির্দেশ এখনো কার্যকর হয়নি।

বিজ্ঞাপন

চিঠির শেষাংশে ইমরান বলেন, তিনি আদালতের কাছে বিশেষ কোনো সুবিধা চাইছেন না। শুধু আগের আদেশগুলো কার্যকর করা ও তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। তিনি বলেন, আমি বেঁচে থাকলেই নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। অনেক দেরি হওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।

ইমরান খান ও বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান। তোশাখানা-২ মামলায় গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হন বুশরা। ওই মামলায় দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র: ডন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD