Logo

বিশ্ব শান্তি রক্ষায় প্রথমবার বৈঠকে বসছেন শি জিনপিং, ট্রাম্প ও পুতিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ১৮:০৫
বিশ্ব শান্তি রক্ষায় প্রথমবার বৈঠকে বসছেন শি জিনপিং, ট্রাম্প ও পুতিন
ছবি: সংগৃহীত

বিশ্ব শান্তি রক্ষা এবং পরাশক্তিগুলোর মধ্যে কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছেন চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ তিন নেতা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপক্ষীয় এই বৈঠক।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) বেইজিংয়ের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চলতি সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, তিন নেতা বিশ্ব শান্তি রক্ষা এবং বড় শক্তিগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে মতবিনিময় করবেন। তাঁর মতে, এই বৈঠক যুগান্তকারী তাৎপর্য বহন করবে।

বেইজিংয়ের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ক্রেমলিন ও হোয়াইট হাউসও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আলোচনায় পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে। এ ছাড়া ইরানে চলমান যুদ্ধের প্রসঙ্গও তুলতে পারেন ট্রাম্প। তবে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে আলোচনার সম্ভাবনা কম বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের অবস্থান প্রসঙ্গে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার সম্প্রতি একটি বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তাঁর ভাষ্য, ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উঠতেই শি জিনপিং কিছুটা বিরক্তি প্রকাশ করেন।

স্টেইনমায়ার জানান, শি জিনপিং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইউরোপের আঞ্চলিক সংঘাত হিসেবে উল্লেখ করেছিলেন। এ কারণে এ বিষয়ে আলোচনায় ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদেরও উপস্থিত থাকা প্রয়োজন বলে মত দেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে চীনের অবস্থান দীর্ঘদিন ধরেই স্পষ্ট। বেইজিংয়ের দাবি, নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের বিশাল পারমাণবিক অস্ত্রের মজুত কমাতে হবে।

বিশ্বের তিন প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধানদের এই সম্ভাব্য বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং পরাশক্তিগুলোর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এএফপি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD