ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে নেতানিয়াহুকে তুলোধুনা করলেন আইজেনকট

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনি বংশোদ্ভূত আরব নাগরিকদের লক্ষ্য করে বর্ণবাদী ও উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকট। তাঁর মতে, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য একটি জনগোষ্ঠীকে হেয় করা এবং তাদের নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন তোলা রাষ্ট্রের স্বার্থবিরোধী।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে নেতানিয়াহুর এমন রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন আইজেনকট। ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় আরব নাগরিকদের লক্ষ্য করে বিভিন্ন বক্তব্য ও প্রচারণার বিষয়টি তুলে ধরেন তিনি।
আইজেনকটের ভাষ্য, ইসরাইলের মোট জনসংখ্যার ২১ শতাংশ আরব নাগরিক। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই বিদায়ী প্রধানমন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠরা রাজনৈতিক স্বার্থে এই জনগোষ্ঠীর বৈধতা প্রশ্নবিদ্ধ করতে বর্ণবাদী ও সহিংস প্রচারণা চালাচ্ছেন।
তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী কেবল তাঁর ভোটারদের প্রতিনিধি নন, তিনি দেশের সব নাগরিকের প্রধানমন্ত্রী। যারা তাঁকে ভোট দেননি, তাঁরাও এর আওতাভুক্ত। আরব নাগরিকেরা ইসরাইলের সমাজ ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। কোনো জনগোষ্ঠীকে প্রান্তিক করে দেওয়া কিংবা সামগ্রিকভাবে হেয় করার চেষ্টা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী।
বিজ্ঞাপন
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোটের ঝুলিতে গেছে ৫৩টি আসন। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি। এ নির্বাচনে ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন নেতানিয়াহু। তবে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ তুলে আরব দলগুলোর সমালোচনা করেছেন নেতানিয়াহু। যদিও সংশ্লিষ্ট দলগুলোর নেতারা ওই হামলার নিন্দা জানিয়েছিলেন।
বিজ্ঞাপন
আইজেনকট স্পষ্ট করেছেন, আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতাদর্শগত বিরোধ কিংবা তাদের কোনো কোনো নেতার প্রতি ব্যক্তিগত বিরূপ মনোভাব থাকতেই পারে। কিন্তু রাজনৈতিক মতপার্থক্যের কারণে একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া গ্রহণযোগ্য নয়। এ ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন তিনি।
তবে সরকার গঠনের সমীকরণে আরব দলগুলোকে সঙ্গে নেওয়ার সম্ভাবনা আগেই নাকচ করেছেন আইজেনকট। ওই দলগুলোর সমর্থন পেলে তাঁর জোটের আসনসংখ্যা বেড়ে ৬৭ হতো। পরিবর্তে সরকার গঠনের জন্য অতি-রক্ষণশীল দুই দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন তিনি। এই দুই দলের সমর্থন নিশ্চিত করতে পারলে প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হবে।
নতুন সরকার গঠনের জন্য আইজেনকটের হাতে ছয় সপ্তাহ সময় রয়েছে। এ প্রক্রিয়া দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যে থাকলেও ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্র, ইসরাইলের সামরিক বাহিনী এবং বিরোধী নেতা আইজেনকট—কেউই আপাতত নতুন করে সংঘাত বাড়ানোর পক্ষে অবস্থান নেননি। আইজেনকট সতর্ক করে বলেছেন, গুরুতর প্রয়োজন ছাড়া ইরানকে কেন্দ্র করে নতুন কোনো সামরিক উত্তেজনা সৃষ্টি করা উচিত হবে না।








