ভারতের ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের আতঙ্কে মুসলিমরা

ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দেশটির বহু মুসলিম। জন্ম ও বেড়ে ওঠা ভারতে হলেও পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও তাদের অনেককে আটক, জিজ্ঞাসাবাদ এবং দেশ থেকে বহিষ্কারের আশঙ্কার মুখে পড়তে হচ্ছে। এমনকি কয়েকজনকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর অভিযোগও উঠেছে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নাম বাদ পড়ার পর কীভাবে ভারতের মুসলিম পরিবারগুলো উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। কেউ আটককেন্দ্রে রয়েছেন, কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন, আবার কেউ নাগরিকত্বের বৈধতা প্রমাণের জন্য আইনি লড়াই চালাচ্ছেন।
এমন পরিস্থিতির শিকার ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ে বাড়ি থেকে সবজি কিনতে বের হয়েছিলেন তিনি। যাওয়ার আগে ছোট ছেলেকে বলেছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিন মাসের বেশি সময় পার হলেও পরিবারের কাছে ফেরা হয়নি তাঁর। বর্তমানে স্বামী ও দুই সন্তানকে ছেড়ে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে অবস্থান করছেন তিনি।
সাহিদার অভিযোগ, সাদাপোশাকের কয়েকজন কর্মকর্তা তাঁকে আটক করে মুঠোফোন নিয়ে নেন। ফোনে তাঁর পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথির কপি সংরক্ষিত ছিল। পরে তাঁকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়। এতে মুহূর্তের মধ্যেই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিজ্ঞাপন
রয়টার্সের সঙ্গে কথা বলা ১০টি পরিবারের সদস্যরাও একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন। তাঁদের স্বজনদের কেউ আটক হয়েছেন, কাউকে ভারত থেকে বের করে দেওয়া হয়েছে, আবার কাউকে নাগরিকত্বের প্রমাণ দিতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। অথচ এসব পরিবারের অন্য সদস্যদের নাম ভারতের ভোটার তালিকায় রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, ভারতের ভোটার তালিকা সংশোধনের এই কার্যক্রমে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে এত বড় পরিসরে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা আগে ঘটেনি।
বিভিন্ন তথ্য ও মানবাধিকার সংগঠনের পর্যবেক্ষণে দেখা গেছে, এই প্রক্রিয়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষ তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে বৈধ ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন বিজেপি।
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গে চলতি বছরের রাজ্য নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের। অথচ পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম।
গত ৫ নভেম্বর এক জনসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া এবং পরবর্তী সময়ে দেশ থেকে বের করে দেওয়া বিজেপির অঙ্গীকার।
এদিকে সাহিদাকে ভারতে ফিরিয়ে নেওয়ার দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছে তাঁর পরিবার। আবেদনে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি হয়ে যান না।
বিজ্ঞাপন
সাহিদার পরিবারের দাবি, তাঁর মা-বাবা ও দাদা-দাদির নাম ১৯৫২ সাল থেকেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে। এমনকি ২০০৮ সাল থেকে সাহিদার নিজের নামও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন বাসনপত্র বিক্রেতা নাসিরুদ্দিন শেখ। তাঁর দাবি, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাঁকে আরও ২২ জনের সঙ্গে আটক করে। তাঁদের মধ্যে ১৯ জন মুক্তি পেলেও নাসিরুদ্দিনসহ চারজনকে টানা ৩২ দিন আটক থাকতে হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মানবাধিকারকর্মী কিরিটি রায় জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে লাখ লাখ আবেদন জমা পড়েছে। তবে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলোতে এসব আবেদনের শুনানি চলছে অত্যন্ত ধীরগতিতে।
ফলে নাগরিকত্বের পক্ষে প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কারও অপেক্ষা পরিবারের কাছে ফিরে যাওয়ার, আবার কারও লড়াই নিজের জন্ম ও বেড়ে ওঠার দেশে নাগরিক হিসেবে স্বীকৃতি ফিরে পাওয়ার।








