ভারতে পূজার আগে প্রসাদ খেয়ে ফেলায় শিশুকে পিটিয়ে হত্যা

ভারতের বিহারে ছট পূজার প্রসাদ হিসেবে তৈরি খাবার আগেভাগে খেয়ে ফেলায় চার বছর বয়সী মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর জেলায়। নিহত শিশুটির নাম সুহানি কুমারী। তার বাবা রাজু পাসোয়ান এবং মা রীনা কুমারী।
শিশুটির বাবা রাজু পাসোয়ান পুলিশকে জানান, ছট পূজার আয়োজন নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। পূজার প্রস্তুতির জন্য অন্যরা পাশের একটি ঘাটে গেলে বাড়িতে প্রসাদ তৈরির কাজ করছিলেন রীনা। এ সময় প্রসাদের জন্য রাখা একটি খাবার খেয়ে ফেলে ছোট্ট সুহানি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রীনা মেয়েকে মারধর করেন বলে অভিযোগ করেছেন রাজু। এর পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে রীনা তাকে স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সুহানিকে মৃত ঘোষণা করেন।
পুলিশকে দেওয়া বক্তব্যে রাজু বলেন, মেয়েকে হারিয়ে তাঁদের পুরো পরিবার ভেঙে পড়েছে। মেয়েই যখন নেই, তখন তাঁর কাছে এই উৎসবের আর কোনো অর্থ নেই। অভিযুক্ত স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। রাজুর ভাষ্য, জীবনে ওই স্ত্রীকে তাঁর আর প্রয়োজন নেই; বাকি সন্তানদের তিনি একাই বড় করবেন।
রাজু ও রীনা দম্পতির তিন সন্তান। তাদের মধ্যে সাত বছর বয়সী শিবানী, চার বছর বয়সী সুহানি এবং দেড় বছর বয়সী রাজা রয়েছে। সুহানির মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকেশ কুমার জানান, চার বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলছে।








