Logo

কাগজে ৫০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত, বাস্তবে অনাহারে ভারতীয় লাখো পরিবার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ১৭:০৩
কাগজে  ৫০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত, বাস্তবে অনাহারে ভারতীয় লাখো পরিবার
ছবি: সংগৃহীত

ভারতে গত এক দশকে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমেছে। তবে পরিসংখ্যানের এই বড় সাফল্যের বিপরীতে বাস্তব জীবনে খাদ্যসংকট, ঋণের বোঝা ও চিকিৎসার ব্যয় নিয়ে লড়াই করছেন অসংখ্য মানুষ।

বিজ্ঞাপন

ভারতের রাজস্থানের রাজসমন্দ জেলার ২৫ বছর বয়সী হেমা প্রজাপতির জীবন এই বৈপরীত্যের একটি উদাহরণ। সরকারি ও আন্তর্জাতিক হিসাব অনুযায়ী, তার পরিবার আর দরিদ্র নয়। অথচ মাসের শেষ দিকে খাবারের সংকট দেখা দেয় তাদের সংসারে। স্বামী হরি প্রজাপতির ঋণ বাড়তে থাকে, আর পরিবারের খাবারের বড় অংশ সংরক্ষণ করতে হয় নয় বছর বয়সী ছেলে দিব্যাংশের জন্য।

তিন সদস্যের পরিবারটির মাসিক ব্যয় প্রায় ১১ হাজার রুপি। অথচ বিশ্বব্যাংকের নির্ধারিত দারিদ্র্যসীমা অনুযায়ী, এই আকারের একটি পরিবারের মাসিক ব্যয় প্রায় ৭ হাজার ৩৮০ রুপি। অর্থাৎ হিসাবের খাতায় দারিদ্র্যসীমা অতিক্রম করলেও বাস্তবে আর্থিক সংকট থেকে মুক্তি মেলেনি তাদের।

আলজাজিরাকে হেমা বলেন, দারিদ্র্যসীমা অনেক নিচু। এই পরিমাণ অর্থ দিয়ে কোনো মানুষের পক্ষে মর্যাদাপূর্ণ জীবনযাপন সম্ভব নয়।

বিজ্ঞাপন

একটি ছোট বাগানে পরিচর্যার কাজ করার ফাঁকে তিনি আরও প্রশ্ন তোলেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাধারণ মানুষের বাস্তব জীবন দেখতে তাদের শীতাতপনিয়ন্ত্রিত গাড়ি থেকে আদৌ নেমেছেন কি না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত এক দশকেরও বেশি সময় ধরে ভোগব্যয়ের ভিত্তিতে দারিদ্র্যের কোনো সরকারি হিসাব প্রকাশ করেনি। ফলে আন্তর্জাতিকভাবে তুলনাযোগ্য পরিসংখ্যান তৈরিতে বিশ্বব্যাংকের তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংস্থাটি নতুন ভোগব্যয় জরিপ এবং নিজস্ব দারিদ্র্যসীমা ব্যবহার করে এই হিসাব তৈরি করেছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে। চরম দারিদ্র্য কমানোর ক্ষেত্রে দেশটির এই অগ্রগতি বিশ্বে উল্লেখযোগ্য। তুলনীয় সাফল্য রয়েছে চীনেরও। গত চার দশকে দেশটি ৮০ কোটির বেশি মানুষকে চরম দারিদ্র্য থেকে বের করে এনেছে।

বিজ্ঞাপন

কয়েকজন অর্থনীতিবিদ ভারতের এই অর্জনকে ইতিবাচক হিসেবে দেখলেও অন্যরা বিশ্বব্যাংকের হিসাবের পদ্ধতি ও বাস্তব প্রতিফলন নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলে জাতীয় পর্যায়ে নিজস্ব দারিদ্র্যের হিসাব প্রকাশ না করায় সমালোচনা রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, দারিদ্র্যসীমার সামান্য ওপরে উঠে আসা মানেই একটি পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়া নয়। আয় কমে যাওয়া, অসুস্থতা কিংবা অন্য কোনো আকস্মিক ব্যয় তাদের আবার দারিদ্র্যের মধ্যে ঠেলে দিতে পারে।

১৪০ কোটির বেশি মানুষের ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে দেশটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। করোনা মহামারি এবং ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাতের মতো নানা সংকটের মধ্যেও প্রবৃদ্ধি ধরে রেখেছে দেশটি।

বিজ্ঞাপন

কিন্তু অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সম্পদের বৈষম্যও প্রকট। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ভারতের মোট সম্পদের ৪০ শতাংশের মালিক শীর্ষ ১ শতাংশ মানুষ।

হেমার বিয়ে হয়েছিল মাত্র ১১ বছর বয়সে। তার স্বামী হরি রাজস্থানের রাজসমন্দ জেলার একটি ঐতিহ্যবাহী মৃৎশিল্পী পরিবারের সন্তান। মাটির তৈরি হাঁড়ি-পাতিল বিক্রি করে সংসার চালানো কঠিন হয়ে পড়লে তিনি রাস্তায় ফুচকার দোকান শুরু করেন। কিন্তু করোনা মহামারির কারণে সেই ব্যবসাও বন্ধ হয়ে যায়।

এরপর সংসারের হাল ধরতে কাজে নামেন হেমা। গত এক বছর ধরে প্রতিবেশীদের বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বাসন ধোয়ার কাজ করছেন তিনি। এ থেকে মাসে আয় করেন ৫ হাজার রুপি। কিন্তু এতেও পরিবারের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

হেমা বলেন, তাদের প্রয়োজনীয় সবকিছুই বাজার থেকে কিনতে হয়। পরিবারের কোনো কৃষিজমি নেই।

নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণ বৃদ্ধিকে ভারতে দারিদ্র্য কমার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। তবে নারীদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত বেতনের কর্মসংস্থান নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ।

হেমার অভিজ্ঞতাও সেই বাস্তবতা তুলে ধরে। তিনি জানান, কাজ শুরু করার পর সংসারে কিছুটা স্বস্তি এলেও এখন আয় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি বাড়ছে ঋণের পরিমাণ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় পরিবারের আয় দিয়ে আগের মতো প্রয়োজন মেটানো যাচ্ছে না।

বিজ্ঞাপন

ভারত সরকার জাতীয় খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি মাসে প্রায় ৮০ কোটি মানুষকে বিনা মূল্যে বা ভর্তুকি মূল্যে খাদ্যশস্য সরবরাহ করে। বিশ্বব্যাংকের মতে, চরম দারিদ্র্য কমাতে এই কর্মসূচির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি সহায়তার সুফল অনেক পরিবারের জন্য যথেষ্ট হচ্ছে না। সরকারি ভোক্তা মূল্যসূচকের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতে সামগ্রিক ভোক্তামূল্য অন্তত ৫১ শতাংশ বেড়েছে। অন্যদিকে মজুরি বৃদ্ধির গতি সেই তুলনায় পিছিয়ে ছিল।

হেমার পরিবার সরকারি বিদ্যালয় এবং সরকারি হাসপাতালের মতো কিছু সুবিধা পেলেও চিকিৎসার ক্ষেত্রে তার আস্থা কম। দুই মাস আগে ছেলে দিব্যাংশের সর্দি-জ্বর বেড়ে গেলে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান তিনি। সরকারি হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ, দীর্ঘ অপেক্ষা, চিকিৎসকের সংকট ও সীমিত সুযোগ-সুবিধার কারণে এমন সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

হেমা জানান, ছেলের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে প্রায় ৬ হাজার রুপি খরচ করতে হয়েছে। অথচ এই অর্থ তার এক মাসের আয়ের চেয়েও বেশি।

তিনি বলেন, ‘আমি চাই না আমার ছেলে বেসরকারি হাসপাতাল বা সেখানকার ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ুক। প্রতিবার তো তাকে সেখানে নিয়ে যেতে পারব না।’

ভারতের অনেক পরিবার বিশ্বব্যাংকের নির্ধারিত দারিদ্র্যসীমা অতিক্রম করলেও তাদের আর্থিক অবস্থা এখনো নাজুক। যেকোনো আকস্মিক বিপর্যয় তাদের আবার দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।

বিজ্ঞাপন

নয়াদিল্লির উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রার মতে, ভারতে দারিদ্র্যসীমা অনেক নিচু। ফলে সামান্য একটি সংকটও মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তার ভাষায়, একটি ধাক্কাই যথেষ্ট। সেটি মহামারি, খরা, বন্যা কিংবা পরিবারের কারও বিয়ে—যেকোনো কিছু হতে পারে।

রাজসমন্দের বাসিন্দা ৩১ বছর বয়সী সুশীলা সালভির জীবনেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আট বছর ধরে মেকআপের কাজ শিখে একটি ছোট বিউটি পারলার গড়ে তুলেছিলেন তিনি। সেখান থেকে পাওয়া আয় দিয়ে মেয়ের উচ্চশিক্ষার জন্য কিছু অর্থও জমিয়েছিলেন।

কিন্তু ১৪ বছর পর দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবর পাওয়ার পর তার আর্থিক পরিস্থিতি বদলে যায়। সন্তান জন্মের আগে ও পরের চিকিৎসায় প্রায় ৬৫ হাজার রুপি খরচ হয়। এতে তার সব সঞ্চয় শেষ হয়ে যায়। এমনকি ১৪ বছর বয়সী মেয়ের মাসে ৬০০ রুপির অতিরিক্ত পড়াশোনার ব্যবস্থাও বন্ধ করতে হয়েছে।

সুশীলার মতে, গর্ভাবস্থায় সরকারি হাসপাতালের ওপর নির্ভর করার মতো আস্থা তিনি পাননি।

অর্থনীতিবিদ মেহরোত্রা আরও মনে করেন, বিশ্বব্যাংকের দারিদ্র্যসীমায় গ্রাম ও শহরের মানুষের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয় না। অথচ দুই অঞ্চলের মানুষের প্রয়োজন ও ব্যয়ের ধরন এক নয়।

নয়াদিল্লির উপকণ্ঠে বসবাসকারী ৩৭ বছর বয়সী সীমা কুমারের অভিজ্ঞতাও একই রকম। তিন সদস্যের পরিবার চালাতে তার মাসে প্রায় ২০ হাজার রুপি খরচ হয়। উৎসব কিংবা ছেলের জন্মদিনের মতো বিশেষ সময়ে ব্যয় বেড়ে গেলে ঋণ নিতে হয় তাকে।

দীপাবলির পর দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণের সময় সীমা ও তার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। ছেলের জন্য একটি মাস্ক কেনার সামর্থ্যও ছিল না তার।

আলজাজিরাকে সীমা বলেন, ছেলের জন্য একটি মাস্কও কিনতে পারেননি তিনি। অথচ সরকারি ও আন্তর্জাতিক হিসাব বলছে, তিনি আর দরিদ্র নন।

রাজস্থানের রাজসমন্দে ফিরে আবারও কাজে ব্যস্ত দেখা যায় হেমাকে। পাড়ার একটি বাগানে ঝাড়ু দেওয়ার ফাঁকে স্বামী হরিকে ফোন করে ছেলের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কথা মনে করিয়ে দেন তিনি।

কিন্তু হরি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মোটরসাইকেলে তেল ভরার সামর্থ্য তার নেই। তখন হেমা নিজেই জ্বালানি কিনে হাসপাতালে যাওয়ার প্রস্তাব দেন।

এত সংকটের মধ্যেও ছেলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হেমা। তার একমাত্র চাওয়া, ছেলে যেন বড় হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে।

তিনি বলেন, ‘আমার একমাত্র আশা, ছেলে যেন জীবনে কিছু একটা করতে পারে। আমি যদি এক দিনও কাজ করতে না পারি, এক মাসের কথা তো বাদই দিলাম, তাহলে আমরা আবার চরম দারিদ্র্য আর অভাবের দিনগুলোতে ফিরে যাব।’

হেমার এই আশঙ্কা ভারতের দারিদ্র্য হ্রাসের পরিসংখ্যানের আড়ালে থাকা বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। কাগজে-কলমে দারিদ্র্যসীমা অতিক্রম করলেও লাখো পরিবারের কাছে খাদ্য, চিকিৎসা ও আর্থিক নিরাপত্তা এখনো অনিশ্চিত।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD