পাকিস্তানের হয়ে কাজের অভিযোগে ভারতীয় তরুণ-তরুণী গ্রেফতার

ভারতের রাজস্থানে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগে এক তরুণী ও এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থানের শ্রীগঙ্গানগরে সংঘটিত এ ঘটনায় পাঞ্জাব থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার দুজন হলেন ২১ বছর বয়সী মহকদীপ কৌর ও ২২ বছর বয়সী দেবেন্দ্র সিং। রাজস্থানের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস), শ্রীগঙ্গানগর পুলিশ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, এ ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। গ্রেপ্তার মহকদীপ কৌর পাকিস্তানে অবস্থানরত দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। ওই ব্যক্তিরা ‘চাচা’ ও ‘শাহ’ নামে পরিচিত। তারা প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে এবং অর্থ দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীকে নিজেদের পরিকল্পনায় যুক্ত করেন বলে অভিযোগ পুলিশের।
তদন্তকারীদের ভাষ্য, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের কৌশল ব্যবহার করে থাকেন। এর আগে গঙ্গানগরের বাসিন্দা ববিতা নামের আরেক নারীও একইভাবে তাদের ফাঁদে পড়েছিলেন বলে দাবি পুলিশের।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, মহকদীপ তার স্বামীর কাছ থেকে আলাদা থাকতেন। তার স্বামী বর্তমানে মাদক পাচারের মামলায় কারাগারে রয়েছেন। তদন্তে উঠে এসেছে, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য ওই নারীকে অর্থ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে গ্রেপ্তার নারীর কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬টি গুলি এবং নগদ ৩০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
তদন্তকারীদের ধারণা, ওই তিন ব্যক্তি মূল অভিযুক্তদের থাকার ব্যবস্থা, মোটরসাইকেল সরবরাহ এবং ঘটনাস্থলে যাতায়াতে সহযোগিতা করেছিলেন।
বিজ্ঞাপন
গত ৩ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে রাজস্থানের শ্রীগঙ্গানগরের রামসিংহপুরের কাছে একটি রেললাইনে বিস্ফোরণ ঘটে। এতে রেললাইনের দুটি স্লিপার ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় রেললাইন এবং সেখানে প্রায় আড়াই ফুট গভীর গর্তের সৃষ্টি হয়।
উল্লেখ্য, বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগে অনুপগড় থেকে সুরতগড়গামী একটি যাত্রীবাহী ট্রেন ওই রেললাইন দিয়েই চলাচল করেছিল। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল বলে জানা গেছে।








