Logo

যাকে হত্যার অভিযোগে জেল খেটেছেন, ৭ বছর পর জীবিত মিলল সেই নারী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ১৬:২৫
যাকে হত্যার অভিযোগে জেল খেটেছেন, ৭ বছর পর জীবিত মিলল সেই নারী
ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের মান্ডিয়া জেলায় সাত বছর আগে নিখোঁজ হওয়া এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। অথচ তাকে হত্যার অভিযোগে দুই বছরের বেশি সময় কারাগারে কাটাতে হয়েছে এক নির্দোষ ব্যক্তিকে। দীর্ঘ সাত বছর পর ওই নারীর সন্ধান মেলায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি তদন্তে গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ৩ জুলাই মান্ডিয়ার পাণ্ডবপুরা এলাকার বাসিন্দা মঞ্জু নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করায় বাবার বাড়ি ছেড়ে চলে যান। ওই সময় বাসস্ট্যান্ডে বাড়িতে জরুরি ফোন করার জন্য পথচারী রাজেশের কাছ থেকে মোবাইল ফোন ধার নেন তিনি। রাজেশ রাগিমুদ্দানাহাল্লি এলাকার বাসিন্দা।

পরে নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে চলে যান মঞ্জু। মেয়ের খোঁজ না পেয়ে তার বাবা নাগারাজু থানায় নিখোঁজের অভিযোগ করেন। তদন্তে পুলিশ মঞ্জুর সর্বশেষ ফোনকলের সূত্র ধরে রাজেশের মোবাইল নম্বর শনাক্ত করে। তবে ২০২১ সালে মামলাটির কোনো সমাধান না হওয়ায় সেটি অমীমাংসিত হিসেবে বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর ২০২১ সালের ১১ আগস্ট অনন্তপদ্মনাভ ও গুরু কুমার নামে দুই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে নতুন করে অভিযোগ করেন নাগারাজু। তাদের দাবি ছিল, ২০১৯ সালে রাজেশ মঞ্জুকে অপহরণের পর হত্যা করেন এবং তার মরদেহ কাবেরী নদীতে ফেলে দেন।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ হত্যা মামলা দায়ের করে। তৎকালীন তদন্ত কর্মকর্তা পরিদর্শক প্রভাকর রাজেশকে গ্রেপ্তার করেন। যদিও মঞ্জুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, তারপরও ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের বক্তব্য এবং কথিত স্বীকারোক্তির ভিত্তিতে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এরপর বিচার বিভাগীয় হেফাজতে দুই থেকে আড়াই বছর কারাগারে থাকতে হয় রাজেশকে। পরে তার বাবার সহযোগিতা ও আইনজীবীদের প্রচেষ্টায় জামিনে মুক্তি পান তিনি।

বিজ্ঞাপন

কারাগার থেকে বের হওয়ার পরও নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন রাজেশ। একপর্যায়ে তার আইনজীবীরা নিজেরাই অনুসন্ধান শুরু করেন। তাদের অনুসন্ধানে মান্ডিয়ার নাগামঙ্গল এলাকার কাছে মঞ্জুর সন্ধান পাওয়া যায়। সেখানে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন তিনি।

বিষয়টি রাজেশের আইনজীবীরা পুলিশকে জানান। এরপর বিন্দিগানাভিলে থানায় নতুন করে মামলা করা হয়। পরে মঞ্জুকে নারীদের আশ্রয় ও কাউন্সেলিং কেন্দ্র সন্ত্বনা কেন্দ্রে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জু রাজেশকে সম্পূর্ণ নির্দোষ বলে জানান। তার দাবি, নিখোঁজ হওয়ার পর তাকে হত্যার অভিযোগে রাজেশের বিরুদ্ধে মামলা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না।

বিজ্ঞাপন

মঞ্জু বলেন, ‘রাজেশ কে, তা-ও আমি জানি না। আমার বাবা কেন এমন মামলা করেছেন, সেটিও বুঝতে পারছি না। তিনি সম্পূর্ণ নির্দোষ। যেকোনও জায়গায় আমি এ বক্তব্য দিতে প্রস্তুত’।

সাত বছর ধরে নিখোঁজ থাকা নারীকে জীবিত উদ্ধারের ঘটনায় এখন তদন্তের আগের ধাপগুলো নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে মরদেহ উদ্ধার ছাড়াই কীভাবে হত্যার অভিযোগে একজনকে কারাগারে থাকতে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD