Logo

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘আমি এখন শান্তিতে আছি’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ১৭:৫১
পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘আমি এখন শান্তিতে আছি’
ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে একই পরিবারের সাত সদস্যকে হত্যার ঘটনায় তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ৫২ বছর বয়সী ক্যাবচালক ইন্দুশেখর দাবি করেছেন, স্ত্রী ও শ্বশুরবাড়ির ছয় সদস্যকে হত্যার পর তিনি এখন ‘শান্তিতে ও তৃপ্তিতে’ আছেন। এ ঘটনায় তার মধ্যে কোনো অনুশোচনাও দেখা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, স্ত্রীর অপমান এবং শ্বশুরবাড়ির সদস্যদের অবহেলার প্রতিশোধ নিতে হত্যার পরিকল্পনা করেছিলেন ইন্দুশেখর। তবে তদন্তকারীদের ধারণা, বেঙ্গালুরুর শ্রীরামপুরা এলাকার প্রায় তিন কোটি রুপির একটি সম্পত্তি নিয়ে বিরোধও এই ঘটনার অন্যতম কারণ।

পুলিশের তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, বাবার এই ভয়াবহ পরিকল্পনার কথা আগে থেকেই জানতেন ইন্দুশেখরের মেয়ে এবং তিনি বাবাকে সাহায্যও করেছেন। মায়ের অংশের সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতিতে তিনি বাবাকে সহযোগিতা করেন। হত্যাকাণ্ডের পর বাড়ির মেঝেতে থাকা রক্তের দাগ পরিষ্কার করতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন তিনি। এমনকি মরদেহগুলো প্যাক করে বিভিন্ন জায়গায় ফেলে আসার কাজেও বাবাকে সঙ্গ দিয়েছিলেন ওই তরুণী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, শ্রীরামপুরার প্রায় ৩ কোটি রুপির সম্পত্তির বড় একটি অংশ শাশুড়ি রূপাবতীর কাছে দাবি করেছিলেন ইন্দুশেখর। তবে দুই ছেলের ভবিষ্যতের কথা বিবেচনা করে রূপাবতী তাকে কেবল আইনগতভাবে প্রাপ্য অংশ দিতে চেয়েছিলেন। এ নিয়ে পারিবারিক বিরোধ আরও গভীর হয়। সবচেয়ে লোমহর্ষক বিষয় হলো, পরিবারের সদস্যদের হত্যা করার পর সম্পত্তির ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে মৃত ব্যক্তিদের আঙুলের ছাপ বা টিপসই স্ট্যাম্প পেপারে নিয়ে রেখেছিলেন অভিযুক্ত ইন্দুশেখর।

গত ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ঘটে যাওয়া এই ধারাবাহিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ইন্দুশেখরের স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপাবতী, দুই শ্যালক শিবকুমার ও শংকর, তাদের দুই স্ত্রী নলিনী ও দিব্যা এবং মাত্র সাত বছর বয়সী নাতি পুনীত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৬ অক্টোবর স্ত্রী সুনীতাকে হত্যার মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত হয়। এরপর পরবর্তী দুই সপ্তাহে পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন অজুহাতে বাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইন্দুশেখরের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শুরুতে ইন্দুশেখর সাতজনকে হত্যার কথা স্বীকার করেন। তবে তার বক্তব্যের সত্যতা যাচাইয়ে তদন্ত চালিয়ে যায় পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধারের পর ঘটনার বিস্তারিত চিত্র সামনে আসে।

এ ঘটনায় ইন্দুশেখর ও তার মেয়ের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। সম্পত্তি নিয়ে বিরোধ, হত্যার পরিকল্পনা এবং অপরাধের পর আলামত সরানোর অভিযোগের বিষয়গুলো তদন্তের আওতায় রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD