ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যা

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও কর্মীদের বিরুদ্ধে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
পুলিশ, নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন তারা। একই এলাকার মোট ছয়জন ওই বাসে যাত্রী হিসেবে ছিলেন। যাত্রাপথে বাসের কর্মীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাসটি তারাগঞ্জ এলাকায় পৌঁছালে আতিক নামের এক যাত্রীকে বাসের ভেতরে আটকে রেখে অন্যদের নামিয়ে দেওয়া হয়। পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে ওঠেন। এ সময় বাসের লোকজনের সঙ্গে তাদের ফের তর্ক শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযোগ রয়েছে, তখন বাসের কর্মীরা লাথি মেরে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে নিচে ফেলে দেন।
পরে বাসের ভেতরে আটকে থাকা আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটির গতিরোধ করা হয়। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে একটি উদ্ধারকারী দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে মহাসড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উদ্ধারকারী দলের সদস্য ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।








