সিডরে সন্তান হারানোর ১৯ বছর পরও বেড়িবাঁধের অপেক্ষায় হনুফা

২০০৭ সালের ১৫ নভেম্বর। ভয়াল ঘূর্ণিঝড় সিডরের রাতে প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যদের নিয়ে গাছে আশ্রয় নিয়েছিলেন পিরোজপুরের হনুফা বেগম। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি ১২ বছরের ছেলে রাব্বিকে। প্রবল জলোচ্ছ্বাসের পানির তোড়ে কখন যে ছেলেটি হারিয়ে গেল, তা বুঝে ওঠার সুযোগও পাননি তিনি। চারদিকে তখন বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা। সন্তানকে হারিয়ে দিশেহারা হনুফা সাহায্যের জন্য চিৎকার করলেও নিজের জীবন বাঁচাতে ব্যস্ত মানুষদের কেউ তার আর্তনাদ শুনতে পারেননি।
বিজ্ঞাপন
পরে পানি নেমে গেলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির কাছের একটি খড়ের গাদার পাশে পাওয়া যায় রাব্বির নিথর দেহ। ততক্ষণে সব শেষ। সেই রাতের ভয়াবহ স্মৃতি এবং সন্তান হারানোর বেদনা আজও বয়ে বেড়াচ্ছেন হনুফা।
সিডরের সেই বিভীষিকাময় রাতের ১৯ বছর পেরিয়ে গেছে। কিন্তু পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বেপসাবুনিয়া গ্রামের এই মায়ের জীবনে নিরাপত্তার নিশ্চয়তা এখনো আসেনি। সিডরে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর সরকারি সহায়তায় নতুন ঘর পেলেও টেকসই বেড়িবাঁধের অভাবে প্রতিনিয়ত আতঙ্কে কাটছে তাদের জীবন। সামান্য জোয়ার কিংবা বৃষ্টিতেই বসতঘরে পানি ঢুকে পড়ে। গত বছরও গলাসমান পানিতে ডুবে গিয়েছিল তাদের বাড়িঘর।
হনুফা বেগম বলেন, ‘সিডরে আমার সব শেষ হইয়া গেছে। আমার সন্তানকে হারাইছি। বন্যায় আমাগো এলাকার অনেক মানুষ মারা গেছে। সিডরের পরে আরও অনেক ঘূর্ণিঝড় হইছে। ওই সব ঘূর্ণিঝড়ে আমাগো বাড়িঘর তলাইয়া গেছে। গত বছরেও যে বন্যাটা হইছে, গলা সমান পানি হইছে। আমাগো এই জায়গায় কোনো বেড়িবাঁধ নাই। আমাগো বেড়িবাঁধ দরকার।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিরাপদ আশ্রয়ের অভাবের কথাও জানিয়েছেন হনুফার পরিবারের সদস্যরা। তার মেয়ে শাহনাজ বলেন, ‘আমাগো বলেশ্বর নদীর তীরে বাড়ি। এহানের অধিকাংশ মানুষই কৃষিকাজ করে। মোগো এহানে কোনো উঁচা জায়গা বা ঘরবাড়ি নেই। যে কারণে সামান্য ঝড়েই ভয়ে থাহি। নিরাপদ আশ্রয়ে নেওয়ার কোনো জায়গা নেই। এহানে একটা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র দরকার।’
শুধু হনুফার পরিবার নয়, পিরোজপুরের নদীতীরবর্তী বহু পরিবারের জীবনেই সিডরের ক্ষত এখনো স্পষ্ট। নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারানোর শঙ্কা নিয়ে দিন কাটছে তাদের। আকাশে মেঘ জমলে কিংবা বৃষ্টি শুরু হলেই আতঙ্ক বাড়ে। কচা নদীর তীরবর্তী ৮০ বছর বয়সী বুরূজান বিবি তাদেরই একজন। গত কয়েক বছরে নদীভাঙন ক্রমেই তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে। প্রতিদিন নদীর পাড়ে গিয়ে পর্যবেক্ষণ করেন, নতুন করে কতটুকু জমি নদীগর্ভে বিলীন হলো। বর্ষা মৌসুমে শেষ আশ্রয়টুকু হারানোর ভয়ও তাড়া করে বেড়ায় তাকে।
স্থানীয় বাসিন্দা ৭৫ বছর বয়সী লোকমান শেখের স্মৃতিতেও সিডরের সেই রাত এখনো জীবন্ত। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় সিডর ২০ মিনিট ছিল। হেইয়ার মধ্যে অনেক কিছু হয়ে গেছে। রাস্তার ইটগুলো সব উল্টাইয়া লইয়া গেছে। তারপরে পানি ঘুরতে ঘুরতে উইঠছে। সমস্ত কিছু মারা গেছে। গরু মরছে, ছাগল মরছে, হাঁস-মুরগি মরছে। মোরা পানির লগে ভাইসা গেছি। এখানে একজন মানুষ মারা গেছে, মাঝের চরে মারা গেছে তিনজন। আমার গরু মরছে চারডা ও ছাগল মরছে আটডা।’
বিজ্ঞাপন
স্থানীয় জনপ্রতিনিধি সেন্ট শেখ জানান, সিডরের সময় তৎকালীন ইন্দুরকানী উপজেলায় ৬০ থেকে ৬৫ জনের মৃত্যু হয়েছিল। তার নিজের ওয়ার্ডেও প্রাণ হারিয়েছিলেন তিন থেকে চারজন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ইট এখনো অনেক জায়গায় মেরামত করা হয়নি। ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে সেগুলোর কিছু অংশ। রাস্তাঘাটের উন্নয়নও প্রত্যাশা অনুযায়ী হয়নি।

একই এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী শামসুদ্দিন মোল্লার অভিযোগ, বর্তমানে থাকা বেড়িবাঁধ দিয়ে জলোচ্ছ্বাস থেকে মানুষের জীবন রক্ষার নিশ্চয়তা নেই। সামান্য ঝড় কিংবা জোয়ারেই বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়।
তিনি বলেন, ‘এহন যে বেড়িবাঁধ আছে, এতে মানুষ বাঁচার কোনো নিশ্চয়তা নেই। একটু ঝড়-তুফান অইলেই পানিতে সব তলাইয়া যায়। এহন যদি একটা ভালো বেড়িবাঁধ অইতো, তাইলে মানুষ বাঁচতে পারতো। মাটি সব গলাইয়া গেছে, মাথা সমান পানি অইছে। অনেক গরু, ছাগল ও মানুষ মারা গেছে।’
বিজ্ঞাপন
সিডরে পিরোজপুরে প্রাণ হারান ৪০৯ জন
২০০৭ সালের ১৫ নভেম্বর দিনভর বৃষ্টির পর গভীর রাতে উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। প্রচণ্ড বাতাস ও নদীর জলোচ্ছ্বাসে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলের জনপদ। পিরোজপুরের তৎকালীন ইন্দুরকানী, বর্তমান জিয়ানগর, মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে ছিল। বলেশ্বর ও কচা নদীর তীরবর্তী জনপদে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিধ্বস্ত হয় ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি।
সরকারি হিসাব অনুযায়ী, সিডরে পিরোজপুরের সাত উপজেলায় প্রাণ হারান ৪০৯ জন। ক্ষতিগ্রস্ত হন ১১ লাখ ৪৩ হাজার ৮৭১ জন। সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৫৪ হাজার ৪১৬টি ঘরবাড়ি। নষ্ট হয় ১১ হাজার ৭৪৬ হেক্টরের বেশি ফসলি জমি। এ ছাড়া জেলার ৭৩ দশমিক ৭০ কিলোমিটার বেড়িবাঁধ পুরোপুরি এবং ১৪৭ দশমিক ০৯ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
ঘূর্ণিঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে জেলে ও মৎস্যজীবীদের জীবন-জীবিকাও। নৌকা, ট্রলার, শুঁটকি মাছ এবং ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে বহু পরিবার আর্থিক সংকটে পড়ে। দুর্যোগের পর উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা ও ঘরবাড়ি নির্মাণে সহায়তা দেয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, সিডরে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায় রেড ক্রিসেন্ট। নিজস্ব ও বিদেশি তহবিল ব্যবহার করে অনেক পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়। দুর্যোগের পরদিন থেকেই নগদ অর্থ বিতরণসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছিল। বর্তমানে যেকোনো দুর্যোগ মোকাবিলায় পিরোজপুর রেড ক্রিসেন্টের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
বেড়িবাঁধ পুনর্নির্মাণের উদ্যোগের কথা জানাল পানি উন্নয়ন বোর্ড
বিজ্ঞাপন
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিডরে ক্ষতিগ্রস্ত ইন্দুরকানী-হুলারহাট এলাকার বেড়িবাঁধ পরবর্তী সময়ে পুনর্নির্মাণ করা হয়েছিল। এসব বাঁধ এফসিডিআই বেড়িবাঁধ হিসেবে পরিচিত। এ ছাড়া অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় শংকরপাশা ও শারিকতলা এলাকায় কয়েকটি বেড়িবাঁধ মেরামত করা হয়েছে।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার জানান, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। সন্ধ্যা, কচা ও বলেশ্বর নদীসংলগ্ন এলাকার জন্য একটি সমীক্ষা চলমান রয়েছে। সমীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর ক্ষতিগ্রস্ত বাঁধগুলো পুনর্নির্মাণের সুপারিশ করা হবে।
অন্যদিকে পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী জানান, সিডরের পর থেকে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে জেলাজুড়ে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। দুর্যোগের পূর্বাভাস পাওয়া গেলে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি থাকে। জেলায় ৪০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক আরও বলেন, সিডরে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর উল্লেখযোগ্য অংশ মেরামত করা হয়েছে। এখনো যেসব কাজ বাকি রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তবে সরকারি উদ্যোগ ও পুনর্বাসন কার্যক্রমের পরও নদীতীরবর্তী মানুষের নিরাপত্তার প্রশ্নটি রয়ে গেছে। ১৯ বছর আগে সিডরে সন্তান হারানো হনুফা বেগমের কাছে তাই আজও সবচেয়ে বড় প্রত্যাশা একটি টেকসই বেড়িবাঁধ। যে বাঁধ হয়তো ভবিষ্যতে আর কোনো মাকে তার সন্তানের লাশ খুঁজতে বাধ্য করবে না।








