মুক্তিযুদ্ধের সংগঠকের স্বাক্ষর জাল করে প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চুয়াডাঙ্গার সাবেক নির্বাচিত জনপ্রতিনিধি (এমপিএ) মরহুম ডা. আসহাব উল হকের স্বাক্ষর নকল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির অভিযোগ উঠেছে। ১৯৮৪ সালের ৫ জুন তারিখ উল্লেখ করা ওই প্রত্যয়নপত্রকে সম্পূর্ণ জাল ও বানোয়াট দাবি করেছেন তার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা মেসবাহ্ উল হক।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের সামনে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।
বক্তব্যে মেসবাহ্ উল হক জানান, চুয়াডাঙ্গার প্রয়াত রাবার স্ট্যাম্প নির্মাতা নিত্যানন্দ সাহা (এন এন সাহা)-এর মুক্তিযুদ্ধে অবদান প্রমাণের উদ্দেশ্যে একটি প্রত্যয়নপত্র সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। সেখানে তার পিতা ডা. আসহাব উল হকের স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, যা প্রকৃতপক্ষে জাল।
তিনি বলেন, প্রত্যয়নপত্রটিতে আমার পিতার স্বাক্ষর জাল করার পাশাপাশি তার ভুল পরিচয়, নামের ভুল বানান এবং অসত্য তথ্যসহ অন্তত দশটি অসঙ্গতি রয়েছে। এন এন সাহা ২০০২ সালে এবং আমার পিতা ২০১০ সালে মারা যান। তাদের জীবদ্দশায় এই দলিলের কোনো অস্তিত্ব ছিল না; মূলত আমার পিতার মৃত্যুর পর অসৎ উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযোগে মেসবাহ্ উল হক আরও উল্লেখ করেন, প্রয়াত এন এন সাহার তিন ছেলে চিত্তরঞ্জন সাহা চিতু, সন্তোষ কুমার সাহা ও রতন লাল সাহা এবং মেয়ে মিনা রানী দাসসহ তাদের পরিবারের সদস্যরা কথিত এই দলিলের প্রত্যক্ষ সুবিধাভোগী।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঠেকাতে সংশ্লিষ্ট প্রত্যয়নপত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার দাবি, এই দলিল ব্যবহার করে কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা জালিয়াতির শামিল হবে।
এ বিষয়ে অভিযোগকারী বলেন, আমি স্পষ্টভাবে বলছি তারা জালিয়াতি করেছে। তারা প্রতারক।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ মার্চ সকালে চুয়াডাঙ্গায় স্থানীয়ভাবে প্রথম প্রতিরোধযুদ্ধের ডাক দেন ডা. আসহাব উল হক। ওই দিন গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দক্ষিণ-পশ্চিম কমান্ডের প্রধান উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি। পরবর্তী সময়ে তার নেতৃত্বে চুয়াডাঙ্গায় রেডক্রস সোসাইটি গঠিত হয় এবং তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।








