Logo

ঝালকাঠি ডিসি অফিসে সোলার বিদ্যুৎ, মাসে সাশ্রয় ৯০ হাজার টাকা

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
১৫ নভেম্বর, ২০২৬, ১৩:৩৪
ঝালকাঠি ডিসি অফিসে সোলার বিদ্যুৎ, মাসে সাশ্রয় ৯০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানো ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে ৫০ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় স্থাপিত এ সোলার প্যানেলের মাধ্যমে প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৯০ হাজার টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোলার প্যানেল স্থাপন প্রকল্পের চুক্তিমূল্য ২২ লাখ ৯৯ হাজার ৯৭৬ টাকা ৬৯ পয়সা। স্থাপিত প্যানেল থেকে প্রতিদিন প্রায় ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স প্যাক বাংলাদেশ লিমিটেড। মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়নে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেট মিটারিং ব্যবস্থার আওতায় ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের অতিরিক্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৫০ পয়সা। এ অর্থ তিন মাস অন্তর সুবিধাভোগীর ব্যাংক হিসাবে পরিশোধ করা হবে।

এ কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তাদের রুফটপ সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগও রাখা হয়েছে। এজন্য ট্রেড লাইসেন্স, টিআইএন, ১০ লাখ টাকার ব্যাংক সলভেন্সি সনদ এবং হালনাগাদ ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে। আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তালিকাভুক্তির মেয়াদ থাকবে ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।

বিজ্ঞাপন

বিশেষ প্রণোদনা পেতে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সোলার সিস্টেম চালু করতে হবে। এ সুবিধা কার্যকর থাকবে ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত।

সংশ্লিষ্টদের মতে, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, বিদ্যুৎ ব্যয় হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD