Logo

পঞ্চগড়ে সড়কে মৃত্যুর মিছিল, ১২ দিনে প্রাণ গেল ১০ জনের

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১৫ নভেম্বর, ২০২৬, ১৪:১৪
পঞ্চগড়ে সড়কে মৃত্যুর মিছিল, ১২ দিনে প্রাণ গেল ১০ জনের
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ক্রমেই বাড়ছে। বেপরোয়া যান চলাচল ও সড়কে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগের মধ্যে গত ১২ দিনে জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ শনিবার (১৪ নভেম্বর) সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় হকিকুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহত হকিকুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি গ্রামের বাসিন্দা। জানা গেছে, অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন বোদা উপজেলার সাংবাদিক আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর কর্মচারী মোছা. মাহমুদা আকতার (৩৫), তাঁর আট বছর বয়সী মেয়ে আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের বাসিন্দা প্রমিলা রানী (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই সময় তাঁরা বোদা উপজেলার সাকোয়া থেকে বোদা শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক পেছন থেকে থ্রি-হুইলারটিকে ধাক্কা দিলে যানটি দুমড়ে-মুচড়ে যায়।

বিজ্ঞাপন

এতে পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁদের ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোছা. মাহমুদা আকতার ও তাঁর মেয়ে আকসা সুমাইয়া সম্প্রীতির মৃত্যু হয়। অন্যদিকে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রমিলা রানী। বোদা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনায় আহতরা হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), সবুজপাড়া এলাকার আয়শা (২), নগর সাকোয়া এলাকার নাসরিন আকতার (৪৬) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আকতারুজ্জামান (৩৩)। তাঁদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। সড়কে ধারাবাহিক প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD