খেলার মাঠে গড়ি সুস্থ প্রজন্ম, শুশুতিতে ডা. সুইটির আহ্বান

খেলার মাঠে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, দর্শকদের করতালি আর ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে উৎসবমুখর হয়ে উঠেছিল ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শুশুতি উচ্চ বিদ্যালয় মাঠ।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের দক্ষতা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত আলহাজ্ব ডা. মোবারক আলী স্মৃতি অন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে শুশুতি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম। খেলার উদ্বোধন করেন ঝালকাঠি জেলার সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির (বাবুল)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুশুতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. খাদিজা সিদ্দিক সুইটি।
বিজ্ঞাপন
এ সময় বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব হাবিবুর রহমান, হোরমত আলী মাস্টার, ইমান আলী মাস্টার, অমলেশ চন্দ্র দাসসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির (বাবুল) বলেন, আলহাজ্ব ডা. মোবারক আলী স্মৃতি অন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখে তিনি অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ ও উদ্দীপনা প্রশংসনীয়। ফুটবল শুধু একটি খেলা নয়, বরং শৃঙ্খলা, দলগত সহযোগিতা, নেতৃত্ব, ধৈর্য ও পারস্পরিক সম্মানবোধ শেখার অন্যতম মাধ্যম।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়ানো গেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির সম্ভাবনাও বাড়বে।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে ডা. খাদিজা সিদ্দিক সুইটি বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন প্রাণবন্ত ফুটবল আয়োজন তাকে মুগ্ধ করেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মেধা, মনন ও শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা তাদের আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মাদককে না বলো, বাল্যবিবাহকে না বলো নিজেকে গড়ো, দেশকে গড়ো।
তিনি আরও বলেন, মাদক একটি জীবন, একটি পরিবার এবং একটি সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে বাল্যবিবাহ কিশোরীদের শৈশব, শিক্ষা, স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা সৃষ্টি করে। অল্প বয়সে বিয়ের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি অল্প বয়সে মাতৃত্ব মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। তাই কোনোভাবেই বাল্যবিবাহকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।
বিজ্ঞাপন
ডা. সুইটি বলেন, আমরা চাই, প্রতিটি মেয়ে পড়াশোনা করুক, নিজের স্বপ্ন পূরণ করুক এবং আত্মনির্ভরশীল হয়ে উঠুক। কোনো মেয়ের শৈশব যেন বাল্যবিবাহের কারণে হারিয়ে না যায়।
ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।








