চুরির অভিযোগে গণপিটুনি, বোদায় ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় বসতবাড়িতে চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে নাজমুল হক বিশারু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) ভোররাতে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের বাসিন্দা। তিনি তাজিম উদ্দিন তাজুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে লস্করাপাড়া গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে গেলে বাড়ির মালিক তাকে আটক করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে নাজমুল হক বিশারু গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সদস্য হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।
এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।








