প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু!

প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করলেও সরকার গঠনের সমীকরণে আড়ালে তাদের সমর্থন চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমাদ তিবি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) তিনি এ অভিযোগ প্রকাশ্যে আনেন। নিজের দাবির পক্ষে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত উপদেষ্টা নাতান এশেলের পাঠানো ব্যক্তিগত বার্তার কথাও উল্লেখ করেন তিনি। এ অভিযোগ ঘিরে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে আহমাদ তিবি জানান, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ বাধাগ্রস্ত করতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ করা হয়েছিল।
তিবির দাবি, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণের পরদিন এবং ফলাফল প্রকাশের পরও নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল তাকে একাধিক বার্তা পাঠিয়েছিলেন। নিজের বক্তব্যের সমর্থনে সাক্ষাৎকার চলাকালে মুঠোফোনে থাকা কয়েকটি বার্তাও ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। তবে ছবির মান অস্পষ্ট হওয়ায় বার্তাগুলোর বক্তব্য স্পষ্টভাবে পড়া যায়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আহমাদ তিবি আরও দাবি করেন, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী চলতি সপ্তাহেও তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই মন্ত্রী তাকে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিয়ে নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নেওয়ার অনুরোধ জানান।
তিবির ভাষ্য অনুযায়ী, ওই মন্ত্রীর যুক্তি ছিল, বিরোধীরা আরব দলগুলোকে সরকারে অন্তর্ভুক্ত করবে না। তাই নতুন নির্বাচন আয়োজন করাই তাদের জন্য ভালো হবে।
ব্যক্তিগত কথোপকথন সাধারণত প্রকাশ্যে আনেন না বলে জানিয়েছেন আহমাদ তিবি। তবে নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর তার প্রকাশ্য অবস্থান ও আড়ালের রাজনৈতিক যোগাযোগের মধ্যে অসংগতি তুলে ধরতেই এসব তথ্য প্রকাশ করেছেন বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে, আহমাদ তিবির অভিযোগ সরাসরি নাকচ করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় দলটি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে।
লিকুদের দাবি, জাতীয় সংগীতের প্রতি অসম্মান প্রদর্শন এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে—এমন কোনো দলের সঙ্গে তারা রাজনৈতিক সহযোগিতা করে না। ফলে তিবির অভিযোগ ও লিকুদের পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে।








