ইরানে নতুন করে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটন সফর করেছেন।
বিজ্ঞাপন
ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতেই তাঁর এই সফর বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সফরে গোফম্যান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার জন্য তাঁর মিয়ামি যাওয়ার কথা রয়েছে।
তবে এ বিষয়ে মোসাদ, সিআইএ কিংবা হোয়াইট হাউজের কেউ মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে অ্যাক্সিওস।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু। এরই মধ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রে তিনি দ্বিধা করবেন কি না। জবাবে তিনি বলেন, ‘একেবারেই না। আমরা এখন এক্ষেত্রে খুব ভালো করছি।’
বিজ্ঞাপন
ট্রাম্প আরও বলেন, পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিলে তিনি সামরিক পদক্ষেপ নিতে পারেন। এমনকি এখনই সে সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। একই সময়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে কার্যত জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে গত জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের উদ্দেশ্য ছিল চূড়ান্ত শান্তিচুক্তির পথ তৈরি করা। কিন্তু হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধের কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়।
বিজ্ঞাপন
সূত্র: আনাদোলু।








