সাড়ে সাত ঘণ্টা বন্ধের পর যুক্তরাষ্ট্রে আবার বিমান চলাচল শুরু

যোগাযোগব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধ হয়ে যাওয়া বিমান চলাচল আবার চালুর অনুমতি দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞাপন
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৪ মিনিটে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে বিমানের উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। দীর্ঘ ৭ ঘণ্টা ২১ মিনিট পর রাত ৮টা ১৫ মিনিটে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এরপর ধীরে ধীরে বিমান চলাচল পুনরায় শুরু হয়।
দেশটির আকাশপথ নিয়ন্ত্রণকারী ২২টি আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়। যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশজুড়ে উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তবে এই নিষেধাজ্ঞার আওতায় কিছু ব্যতিক্রম ছিল। আলাস্কা ও হাওয়াইয়ের অভ্যন্তরীণ কয়েকটি ফ্লাইট এবং যুক্তরাষ্ট্রের আকাশসীমা ছেড়ে যাওয়া কিছু আন্তর্জাতিক বিমানকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, এক বিমানবন্দর থেকে অন্য বিমানবন্দরে চলাচলকারী উড়োজাহাজের গতিবিধি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আঞ্চলিক কেন্দ্রগুলোতে যোগাযোগের সমস্যা দেখা দেয়। পুরোনো ও আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবস্থায় ত্রুটি এবং পুরোনো যোগাযোগ অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদেরা তদন্ত করছেন। যোগাযোগব্যবস্থার কোন অংশে ত্রুটি দেখা দিয়েছিল এবং কীভাবে তা পুরো দেশের বিমান চলাচলে প্রভাব ফেলেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এই ঘটনার পেছনে কোনো সাইবার হামলা কিংবা নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। এটি মূলত টেলিযোগাযোগব্যবস্থার প্রযুক্তিগত ত্রুটি। আকাশে অবস্থানরত সব বিমানের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং সেগুলোকে নিরাপদে অবতরণ করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
বিজ্ঞাপন
বিমান চলাচল বন্ধে বিপাকে যাত্রী ও পণ্য পরিবহন
হঠাৎ উড্ডয়ন বন্ধের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পণ্য পরিবহন কার্যক্রমেও বিঘ্ন ঘটে।
দেশটির অন্যতম বৃহৎ পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান ফেডএক্স জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলা এবং সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে তাদের বিকল্প পরিকল্পনা প্রস্তুত রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলাচলকারী কয়েকটি ফ্লাইট বাতিল করে এয়ার কানাডা। একই দিনে জেটব্লু তাদের শুক্রবার সন্ধ্যার অবশিষ্ট অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বাতিল করে দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের এই পরিস্থিতির প্রভাব পড়ে ইউরোপের বিমান চলাচলেও। ইউরোপীয় বিমান চলাচল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলোর উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করে। শুক্রবার বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর ছিল।
২০০১ সালের পর বিরল পরিস্থিতির মুখে যুক্তরাষ্ট্র
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে এর আগেও প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান চলাচল বন্ধের ঘটনা ঘটেছে। ২০২৩ সালের জানুয়ারিতে দেশটির ফেডারেল বিমান চলাচল প্রশাসনের গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।
এরপর শুক্রবারের (১৩ নভেম্বর) ঘটনাটি দেশটির বিমান পরিবহন ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ করা হয়েছিল। দীর্ঘ সময় পর আবারও দেশটির আকাশপথে এমন ব্যাপক অচলাবস্থার সৃষ্টি হলো।
প্রযুক্তিগত ত্রুটি কাটিয়ে বিমান চলাচল শুরু হলেও যাত্রীদের ভোগান্তি, বাতিল হওয়া ফ্লাইট এবং পণ্য পরিবহনের সময়সূচি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
বিজ্ঞাপন
তথ্য সূত্র: এপি








