আমাজনে দাবানলের তাণ্ডব, ১২০ দিনের জরুরি অবস্থা ঘোষণা

ব্রাজিলের আমাজন অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির উত্তরাঞ্চলীয় পারা রাজ্য সরকার। পরিস্থিতি মোকাবিলায় আগামী ১২০ দিনের জন্য এ জরুরি অবস্থা কার্যকর থাকবে।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজ্যটিতে চলতি নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে। গত ৪৮ ঘণ্টায় সক্রিয় আগুনের সংখ্যা প্রায় ৭০০। তীব্র খরা ও এল নিনোর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
জরুরি অবস্থা ঘোষণার পর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। এর আওতায় চারণভূমি পরিষ্কার করার কাজে আগুন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দাবানল নিয়ন্ত্রণ এবং নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে অতিরিক্ত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাজ্য প্রশাসনের ভাষ্য, দীর্ঘ খরায় বনাঞ্চলের গাছপালা ও অন্যান্য উদ্ভিদ শুকিয়ে যাওয়ায় দাবানলের ঝুঁকি আরও বেড়েছে। এতে মানুষের জীবন-জীবিকা, প্রাকৃতিক বনভূমি এবং বিভিন্ন উৎপাদনশীল কর্মকাণ্ড মারাত্মক হুমকির মুখে পড়েছে।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষ আশঙ্কা করছে, চলতি বছরের ডিসেম্বর মাসে দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি ও জরুরি পদক্ষেপ জোরদার করা হচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র: আরব নিউজ।








