টিকটকের শুটিংয়ে বাঘকে চুমু দিতে গিয়ে প্রাণ গেল তরুণের

পাকিস্তানের লাহোরে টিকটক ভিডিও তৈরির জন্য শিকলে বাঁধা একটি বাঘকে চুমু খাওয়ার চেষ্টা করলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাঘিনীর আক্রমণে তালহা (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিগত খামারবাড়িতে ঘটনাটি ঘটে। ভিডিও নির্মাতা নোমান হাসানের অনুরোধে টিকটকের শুটিংয়ের জন্য বাঘিনীটিকে খাঁচা থেকে বাইরে আনা হয়েছিল। এ সময় প্রাণীটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তালহার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় খামারবাড়ির মালিক ফাইয়াজ ও ভিডিও নির্মাতা নোমান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, খামারবাড়ির একটি প্রজননকেন্দ্রে বাঘিনীটিকে রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর নোমান হাসান প্রথমে দাবি করেছিলেন, তালহা কুকুরের আক্রমণে আহত হয়েছেন। তবে তদন্তে তার মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।
লাহোর পুলিশ এক বিবৃতিতে বলেছে, টিকটকের প্রতি আগ্রহ কোনোভাবেই মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে মানুষের জীবন ঝুঁকিতে ফেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। ঘটনার তথ্য গোপনের চেষ্টা এবং যেকোনো ধরনের অবহেলার বিষয় তদন্ত করে দেখা হবে।
বিজ্ঞাপন
পুলিশ আরও জানায়, ভিডিও তৈরির সময় নোমান হাসানের উপস্থিতিতে বাঘিনীটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে খামারের এক কর্মী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খামারবাড়িতে বাঘিনী রাখার বৈধ অনুমতি ছিল কি না এবং প্রাণীটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাঘ ও অন্যান্য হিংস্র প্রাণীর সঙ্গে ঝুঁকিপূর্ণ ভিডিও প্রকাশের জন্য পরিচিত নোমান হাসান। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে শিকলে বাঁধা বাঘকে চুমু দেওয়ার চেষ্টা করতে দেখা যায় তাকে। অন্য একটি ভিডিওতে চিতাবাঘকে আদর করার সময় প্রাণীটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নখ দিয়ে আঁচড় দেয়।
বিজ্ঞাপন








