Logo

এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব খান

profile picture
বিনোদন প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৬, ১৫:১৮
এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব খান
ছবি: সংগৃহীত

অ্যাকশন ও প্রতিশোধনির্ভর সিনেমার পর এবার রোমান্টিক গল্পে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার নতুন সিনেমা ‘মহব্বত’-এ দেখা যাবে একজন পাকিস্তানি অভিনেত্রীকে। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ উদ্যোগে নির্মিত হতে যাওয়া সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

বিজ্ঞাপন

সিনেমাটিতে পাকিস্তানি অভিনেত্রীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেখানে একজন পাকিস্তানি অভিনেত্রীও কাজ করছেন। তাদের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম, দেশটিতে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সিনেমা হল রয়েছে।’

পাকিস্তানের চলচ্চিত্রবাজারের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আধুনিক মাল্টিপ্লেক্সসহ চালু সিনেমা হলের সংখ্যা নাকি ১ হাজার ২০০। তাদের কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকার ব্যবসা করে, যা সত্যিই দারুণ ব্যাপার। আমরাও সেই জায়গায় পিছিয়ে থাকব না।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খানকে বেশির ভাগ সময় অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো সিনেমায় তার চরিত্রগুলোতে ছিল মারকুটে উপস্থিতি। অন্যদিকে, কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’-এ গায়কের ভূমিকায় অভিনয় করেও দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এবার ‘মহব্বত’-এর মাধ্যমে রোমান্টিক ধারায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা। পরিচালক হিমেল আশরাফের সঙ্গেও এটি তার নতুন কাজ নয়। এর আগে এই নির্মাতার পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে বড় সাফল্য পেয়েছিলেন শাকিব। পরে একই পরিচালকের ‘রাজকুমার’ সিনেমাতেও কাজ করেন তিনি।

আগের দুই সিনেমার সাফল্যের পর শাকিব খান ও হিমেল আশরাফের নতুন এই জুটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পাকিস্তানি অভিনেত্রীর অংশগ্রহণে দুই দেশের যৌথ প্রযোজনার ‘মহব্বত’ কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD