Logo

বিয়ের রেজিস্ট্রিতে স্বাক্ষর ছাড়াই ৩৩ বছর সংসার, জানালেন জিনাত

profile picture
বিনোদন প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৬, ১৩:৪৪
বিয়ের রেজিস্ট্রিতে স্বাক্ষর ছাড়াই ৩৩ বছর সংসার, জানালেন জিনাত
ছবি: সংগৃহীত

অভিনেতা আজিজুল হাকিম ও নাট্যকার জিনাত হাকিমের দাম্পত্য জীবনের ৩৩ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ এই পথচলায় নানা স্মৃতি জমা হয়েছে তাদের সংসারে। তবে বিয়ের সময় ঘটে যাওয়া একটি মজার ঘটনা সম্প্রতি প্রকাশ করেছেন জিনাত হাকিম। জানিয়েছেন, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর করা হয়নি তার। ফলে বিয়ের পরও একপর্যায়ে তাদের আইনি স্বীকৃতি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর একটি ওয়েডিং কার্নিভ্যালে বর-কনের সাজে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানে নিজেদের বিয়ের স্মৃতিচারণা করতে গিয়ে জিনাত হাকিম বলেন, ‘আমার বিয়ে কিন্তু বৈধ ছিল না।’ তার এমন মন্তব্য শুনে পাশে থাকা স্বামী আজিজুল হাকিম হেসে ওঠেন।

ঘটনার বিস্তারিত তুলে ধরে জিনাত জানান, তাদের বিয়ের সময় আজিজুল হাকিম ছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা। বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীর সঙ্গে একদল সাংবাদিকও উপস্থিত হয়েছিলেন। তবে সাংবাদিকদের আগমনের বিষয়ে আগে থেকে কেউ কাউকে কিছু জানাননি। ফলে আজিজুল হাকিম ভেবেছিলেন, সাংবাদিকরা এসেছেন জিনাতের পক্ষ থেকে। অন্যদিকে জিনাতের ধারণা ছিল, তারা এসেছেন আজিজুল হাকিমের আমন্ত্রণে।

বিয়ের আনুষ্ঠানিকতার মধ্যেও ঘটে যায় আরেকটি মজার ঘটনা। জিনাত হাকিমের ভাষ্য অনুযায়ী, কবুল বলার পর কাজী যখন রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর করতে বলেন, তখন ছবি তোলার জন্য একজন ফটোগ্রাফার তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে অনুরোধ করেন। ফটোগ্রাফারের কথায় কলম থামিয়ে ছবির জন্য পোজ দেন তিনি। কিন্তু এরপর আর রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর করা হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে আজিজুল হাকিম জানান, রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর না থাকায় পরবর্তী সময়ে তাদের এফিডেভিড করতে হয়েছিল। তবে দীর্ঘদিন পর বিষয়টি আবারও নতুনভাবে সামনে আসে তাদের মেয়ে নাযাহ হাকিম ও জামাতা নাফিস ফুয়াদের উদ্যোগে। বিয়ের ৩৩ বছর পূর্তিতে তারা বাবা-মায়ের জন্য পুনরায় রেজিস্ট্রির খাতায় স্বাক্ষরের ব্যবস্থা করেন।

উল্লেখ্য, চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত রয়েছেন আজিজুল হাকিম। আরণ্যক নাট্যদলে কাজের মধ্য দিয়ে তার অভিনয়যাত্রা শুরু হয়। ১৯৮১ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে যুক্ত হন তিনি। ‘এখানে নোঙর’ নাটকে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে অভিষেক ঘটে তার। পরবর্তী সময়ে ‘কোন কাননের ফুল’ ধারাবাহিকে অলি চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেতা। সাম্প্রতিক সময়ে ভিকি জাহেদের সিরিজ ‘আকা’ এবং রায়হান রাফির সিনেমা ‘প্রেশার কুকার’-এ অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD