Logo

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, আবেগঘন পোস্ট কাবিলার

profile picture
বিনোদন প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ২২:৪৬
‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, আবেগঘন পোস্ট কাবিলার
ছবি: সংগৃহীত

দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টানল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। শেষ হয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির পঞ্চম সিজনের শুটিং। দীর্ঘ এই যাত্রার সমাপ্তিতে পুরোনো দিনের স্মৃতি মনে করে আবেগঘন পোস্ট দিয়েছেন নাটকটির জনপ্রিয় চরিত্র কাবিলা, অর্থাৎ অভিনেতা জিয়াউল হক পলাশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ‘ব্যাচেলর পয়েন্ট’র শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করেন পলাশ। রাজধানীর লালমাটিয়ার যে রাস্তা, গাছতলা আর চেনা বিকেল থেকে ধারাবাহিকটির যাত্রা শুরু হয়েছিল, সেসব স্মৃতি উঠে এসেছে তার লেখায়।

পোস্টে পলাশ লিখেছেন, ‘এখান থেকেই শুরু হয়েছিল সব। এই রাস্তা, এই গাছতলা, এই চেনা বিকেলগুলো। কত কথা, কত হাসি, কত না-বলা গল্প পড়ে আছে এখানে। সময় কী অদ্ভুত!’

শুরুর দিনগুলোর কথা স্মরণ করে এই অভিনেতা জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’র যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল একটি গল্পের শুরু। দেখতে দেখতে কেটে গেছে দিন, বছর। বদলেছে ঋতু, বদলেছে চারপাশের অনেক কিছু। বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’, সেই সঙ্গে অজান্তেই বড় হয়ে উঠেছেন তিনিও।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ধারাবাহিকটির পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে পলাশ লেখেন, একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে, তা ‘ব্যাচেলর পয়েন্ট’র সঙ্গে কাটানো সময়ের দিকে তাকালেই বোঝা যায়। অসংখ্য সকাল, রাত, অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ মিলিয়ে কখন যে একটি নাটক জীবনের অংশ হয়ে উঠেছে, তা বুঝতেই পারেননি তিনি।

নিজের আবেগ প্রকাশ করে অভিনেতা আরও লেখেন, ‘এত স্মৃতি কোথায় রাখি? কোন বাক্যে ধরি এতগুলো বছর? কোন শব্দ দিয়ে বোঝাই, এই পথটুকু আমার কাছে কতখানি?’

পোস্টের শেষাংশে বিদায়ের বেদনার পাশাপাশি উঠে এসেছে নস্টালজিয়াও। পলাশের ভাষায়, ‘মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়। অথচ কোথাও একটা গাছতলা থেকে যায়। একটা রাস্তা থেকে যায়। কিছু মানুষের হাসির শব্দ বাতাসে মিশে থাকে।’

বিজ্ঞাপন

সবশেষে শুরুর দিনের সেই তরুণের স্মৃতি টেনে তিনি লিখেছেন, ‘গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে।’

উল্লেখ্য, নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ২০১৭ সালে যাত্রা শুরু করে ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ধারাবাহিকটি। বিশেষ করে কাবিলা চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন জিয়াউল হক পলাশ। পাশাপাশি নাটকটির অন্যান্য চরিত্রও সময়ের সঙ্গে দর্শকের কাছে পরিচিত ও প্রিয় হয়ে ওঠে।

দীর্ঘ নয় বছরের পথচলায় অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। ফলে পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়া শুধু একটি ধারাবাহিকের কাজের সমাপ্তি নয়, বরং অভিনয়শিল্পী ও দর্শকদের কাছে দীর্ঘদিনের স্মৃতিমাখা একটি অধ্যায়ের ইতি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD