ব্লগার আসাদ নূরকেই বিয়ে করেছেন পারশা, জানালেন নাটকীয়তার কারণ

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের খবর অবশেষে প্রকাশ্যে স্বীকার করেছেন আলোচিত প্রবাসী ব্লগার আসাদ নূর। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ে নিয়ে নানা আলোচনা ও জল্পনা চলার পর মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে বিয়ের খবর প্রকাশের ক্ষেত্রে রহস্য ও নাটকীয়তা তৈরির পেছনের কারণও ব্যাখ্যা করেন এই ব্লগার।
বিজ্ঞাপন
লাইভে আসাদ নূর স্পষ্ট করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবি ও ভিডিওতে যে পাত্রকে দেখা গেছে, তিনি নিজেই। এ সময় নিজের বিয়েতে পরা পাঞ্জাবি এবং পারশার শাড়িও দর্শকদের সামনে তুলে ধরেন তিনি। আসাদ নূর বলেন, ‘হ্যাঁ, আমি ও পারশা বিয়ে করেছি। এই সেই পাঞ্জাবি এবং এই সেই বিয়ের শাড়ি।’
বিয়ের বিষয়টি শুরুতেই সরাসরি প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে আসাদ নূর বলেন, এর পেছনে তাঁদের নির্দিষ্ট পরিকল্পনা ছিল। সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার উদ্দেশ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে এমন কৌশল নেওয়া হয়েছিল।
তাঁর ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিনে বিয়ের ছবি ঘিরে নেটিজেনদের অনুসন্ধান ও বিশ্লেষণের জন্য ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সূত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল। পাঞ্জাবির নকশা, শাড়ির আঁচল, ছবির পেছনের দৃশ্য এবং ইনস্টাগ্রামে পরস্পরকে অনুসরণ করার মতো বিষয়গুলো নিয়ে শুরু হয় নানা আলোচনা। এসব সূত্র ধরে সাধারণ মানুষের পাশাপাশি গোয়েন্দাদেরও ধাঁধায় ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্যক্তিগত জীবন ও অন্যের বিয়ে নিয়ে সমাজের একাংশের অতিরিক্ত আগ্রহের সমালোচনা করেন আসাদ নূর। তাঁর অভিযোগ, এ ধরনের মানুষের একটি অংশের মানসিকতা অত্যন্ত উগ্র এবং তাঁদের মন্তব্যের ভাষাও আপত্তিকর।
এ প্রসঙ্গে পারশার প্রোফাইলে প্রকাশিত একটি বিড়ালছানার ভিডিওর উদাহরণ দেন তিনি। তাঁদের উদ্ধার করা মাতৃহীন বিড়ালছানাটির নাম ‘লম্বকর্ণ’ বা মন্টু। বিড়ালছানাটিকে নিয়ে প্রকাশিত ভিডিওর নিচে কিছু মানুষের অশালীন মন্তব্যের কথা উল্লেখ করে আসাদ নূর বলেন, এমন বিকৃত মানসিকতার মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করাও তাঁদের পরিকল্পনার অংশ ছিল।
বিয়ের ছবি প্রকাশের সময় মুখ ফুল দিয়ে ঢেকে রাখার বিষয়টিও ব্যাখ্যা করেন তিনি। আসাদ নূরের মতে, শুরুতেই নিজের পরিচয় প্রকাশ করলে মানুষের মধ্যে এতটা কৌতূহল ও অনুসন্ধানের প্রবণতা তৈরি হতো না। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে পারশার পরিচিতির কারণে তাঁর জীবনসঙ্গী কে, তা নিয়ে মানুষের আগ্রহ তৈরি করাই ছিল পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য।
বিজ্ঞাপন
এমনকি পারশার জন্মদিনে আঁকা একটি ছবিতে শুধু চোখের অংশ দেখা যাওয়ার বিষয়টিও আলোচনায় আসে। নেটিজেনরা ছবিটি খুঁজে বের করার পর আসাদ নূর সেটি আড়াল করে দেন। এতে মানুষের মধ্যে আরও বিভ্রান্তি তৈরি হয়। তাঁর ভাষ্য, অনেকটা গোয়েন্দা শার্লক হোমসের মতো করেই নেটিজেনরা বিভিন্ন তথ্য মিলিয়ে দেখছিলেন। আর পরিস্থিতিকে রহস্যময় রাখতে তিনি নিজেও কিছু পোস্ট ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পারশার সঙ্গে বিভিন্ন পুরুষের ছবি যুক্ত করে ব্যঙ্গ করার ঘটনাগুলোরও সমালোচনা করেন আসাদ নূর। তাঁর দাবি, পুরো আয়োজনের মাধ্যমে মূলত পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে বার্তা দিতে চেয়েছেন তাঁরা।
তিনি বলেন, সাধারণত বিয়ের ক্ষেত্রে নারীদের আড়ালে রাখা কিংবা তাঁদের নিয়ন্ত্রণ করার যে সামাজিক প্রবণতা রয়েছে, তার বিপরীতে গিয়ে তিনি নিজেই মুখ ঢেকে ছবি প্রকাশ করেছেন। এটি ছিল এক ধরনের ‘রোল প্লে’। বিয়ের তথ্য গোপন রাখাই যদি তাঁদের উদ্দেশ্য হতো, তাহলে ছবি ও বিয়ের খবর জনসমক্ষে প্রকাশ করার প্রয়োজন পড়ত না বলেও প্রশ্ন তোলেন তিনি।
বিজ্ঞাপন
নিজেদের সম্পর্কের বিষয়ে আসাদ নূর বলেন, তাঁরা দুজন সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ। তাঁদের কাজের ক্ষেত্র, চিন্তাভাবনা ও অবস্থানের মধ্যে পার্থক্য থাকলেও মানসিক মিল থাকলে ভৌগোলিক দূরত্ব, ভাষা, বর্ণ কিংবা পেশা সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না।
এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সমাজের প্রচলিত অনেক পুরোনো ধারণা ও ট্যাবু ভাঙতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।
সবশেষে বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিতর্ক, কটূক্তি ও নানা অনুসন্ধান নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন আসাদ নূর। তাঁর দাবি, তাঁদের নিয়ে যত বেশি সমালোচনা, আক্রোশ ও হুমকি এসেছে, বিষয়টি তত বেশি মানুষের আলোচনায় উঠে এসেছে। বিপুল অর্থ ব্যয় করেও একটি বিয়েকে কেন্দ্র করে এত ব্যাপক প্রচার পাওয়া সম্ভব হতো না। অথচ মানুষের ব্যক্তিগত কৌতূহল ও বিতর্কের কারণেই তাঁদের বিয়ের খবর স্বতঃস্ফূর্তভাবে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।








