Logo

পারশার স্বামী কি আসাদ নূর, ছবি ও পোশাকের মিল ঘিরে জল্পনা

profile picture
বিনোদন ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬, ১৭:২৪
পারশার স্বামী কি আসাদ নূর, ছবি ও পোশাকের মিল ঘিরে জল্পনা
ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী বিয়ের খবর প্রকাশ্যে আনলেও স্বামীর পরিচয় এখনো আড়ালেই রেখেছেন। বিয়ের ছবি প্রকাশের সময় স্বামীর মুখ ফুল দিয়ে ঢেকে রাখেন তিনি। তবে তার স্বামীর পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। নেটিজেনদের একাংশের দাবি, পারশার জীবনসঙ্গী নির্বাসিত ব্লগার ও অধিকারকর্মী আসাদ নূর। যদিও এ বিষয়ে পারশা কিংবা আসাদ নূর—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

বিজ্ঞাপন

গত ২৭ অক্টোবর নিজের বিয়ের খবর প্রকাশ করেন পারশা। এর আগের দিন, ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আক্‌দ সম্পন্ন হয়েছে বলে জানান এই সংগীতশিল্পী। বিয়ের ছবি প্রকাশ করলেও স্বামীর মুখ ফুল দিয়ে আড়াল করেন তিনি। একই সঙ্গে স্বামীর পরিচয় জানতে চেয়ে তাকে বা তার পরিবারকে বিব্রত না করার অনুরোধ জানান।

সেদিন ফেসবুকে পারশা লেখেন, চিরকুমারী সংঘ থেকে আনুষ্ঠানিক পদত্যাগ। বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।

তবে তার এই অনুরোধের পরও স্বামীর পরিচয় নিয়ে অনুসন্ধান থামেনি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি, পোশাক ও পটভূমির মিল তুলে ধরে আসাদ নূরের সঙ্গে পারশার বিয়ের সম্পর্ক থাকার দাবি করছেন অনেকে।

বিজ্ঞাপন

গত ৭ নভেম্বর রাতে ফেসবুকে স্বামীর সঙ্গে আরও একটি ছবি প্রকাশ করেন পারশা। ছবিতে তার পরনে ছিল শাড়ি। তবে এবারও স্বামীর মুখ পদ্মফুল দিয়ে ঢেকে রাখেন তিনি। ছবির ক্যাপশনে পারশা লেখেন, পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান। এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক। ভালো ঘরের পুরুষেরা রূপ যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই পোস্টের পর আসাদ নূরের সঙ্গে পারশার বিয়ের গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশের দাবি, গত ২১ অক্টোবর আসাদ নূর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাঞ্জাবি পরা একটি ছবি প্রকাশ করেছিলেন। সেখানে তার পাশে লাল শাড়ির একটি আঁচল দেখা যায়। অন্যদিকে, ৭ নভেম্বর পারশার প্রকাশিত ছবিতে তার পরনের শাড়ির আঁচলের সঙ্গে আগের ছবির লাল আঁচলের মিল রয়েছে বলে দাবি করছেন তারা।

শুধু শাড়ির আঁচল নয়, দুই ছবিতে পুরুষের পোশাকেও সাদৃশ্য খুঁজে পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। তাদের পর্যবেক্ষণ, ২১ অক্টোবরের ছবিতে আসাদ নূরের পরনে থাকা পাঞ্জাবির সঙ্গে পারশার স্বামীর পরনের পাঞ্জাবির মিল রয়েছে। এসব বিষয়কে সম্ভাব্য সূত্র হিসেবে সামনে আনছেন তারা।

এ ছাড়া ইনস্টাগ্রামে পারশা ও আসাদ নূর একে অপরকে অনুসরণ করেন বলেও উল্লেখ করছেন নেটিজেনরা। দুজনের প্রকাশিত ছবির পটভূমি নিয়েও চলছে তুলনা। আসাদ নূরের একটি ছবির পেছনের দৃশ্যের সঙ্গে পারশার বিয়ের দিনের ছবির পরিবেশের মিল রয়েছে বলে দাবি করেছেন কেউ কেউ। একই সঙ্গে দুজনের কলকাতায় অবস্থানের বিষয়টিও আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন

আরেকটি বিষয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা চলছে। ব্যবহারকারীদের দাবি, গত মে মাসে আসাদ নূর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন একটি ছবি প্রকাশ করেছিলেন, যার চোখের সঙ্গে পারশার চোখের সাদৃশ্য রয়েছে। তবে ছবিটি বর্তমানে আর দেখা যাচ্ছে না। সেটি সত্যিই পারশার চোখের ছবি ছিল কি না, কিংবা পরে মুছে ফেলা হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সব মিলিয়ে পোশাক, শাড়ির আঁচল, ছবির পটভূমি এবং ইনস্টাগ্রামে পরস্পরকে অনুসরণ করার বিষয়গুলো সামনে এনে নেটিজেনদের একাংশ আসাদ নূরকেই পারশার স্বামী বলে ধারণা করছেন। কেউ কেউ এসব মিলকে সম্ভাব্য প্রমাণ হিসেবেও তুলে ধরছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া এসব সাদৃশ্য কারও বৈবাহিক সম্পর্কের নির্ভরযোগ্য প্রমাণ নয়। পারশা স্বামীর পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। অন্যদিকে, আসাদ নূরের সঙ্গে তার বিয়ের বিষয়ে এখন পর্যন্ত দুজনের কারও কাছ থেকেই আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনা ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD