Logo

পরীমণির অপ্রীতিকর আচরণ শিল্পীসমাজের জন্য কলঙ্ক: রিনা খান

profile picture
বিনোদন ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬, ১৪:৪৩
পরীমণির অপ্রীতিকর আচরণ শিল্পীসমাজের জন্য কলঙ্ক: রিনা খান
ছবি: সংগৃহীত

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির সাম্প্রতিক অপ্রীতিকর আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এবার এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তাঁর মতে, প্রকাশ্যে এমন আচরণ কোনো শিল্পীর কাছ থেকেই কাম্য নয়। এতে শুধু সংশ্লিষ্ট শিল্পী নয়, পুরো শিল্পীসমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় হাজিরা দিতে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে যান পরীমণি। এ সময় এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তুলে তাঁকে গালমন্দ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার মধ্যে মুখ খুলেছেন অভিনেত্রী রিনা খান। তিনি বলেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না। মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু পরিচিত হই। আমাদের সুনামটাও আসে মিডিয়ার মাধ্যমে, আমাদের দুর্নামটাও আসে মিডিয়ার মাধ্যমে। তাই আমরা এমন কোনো কথা বলব না, এমন কোনো ব্যবহার করব না, যেটা শিল্পীদের ওপর বর্তায়।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরীমণির আচরণকে পুরো শিল্পীসমাজের জন্য কলঙ্ক হিসেবে উল্লেখ করে রিনা খান আরও বলেন, ‘আমি কেন হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি, কালকে আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি অলঅভার শিল্পীদের কথাই বলছি যে, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’

বিজ্ঞাপন

রিনা খানের বক্তব্যে উঠে এসেছে, ব্যক্তিগত ক্ষোভ বা বিরোধ থাকলেও তা প্রকাশ্যে অশোভন আচরণের মাধ্যমে প্রকাশ করা উচিত নয়। বরং সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে আলাদাভাবে কথা বলে সমস্যার সমাধান করা যেতে পারে। তাঁর মতে, শিল্পীদের আচরণে পেশাগত মর্যাদা ও সামগ্রিক শিল্পীসমাজের সম্মান বজায় রাখা জরুরি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD